সংবাদদাতা, বজবজ: বাটা খালের উপর দিয়ে যাওয়া জল সরবরাহের ৬০০ ডায়ার একটি বড় পাইপে বড় ফুটো হয়ে গিয়েছে। ফলে বজবজ পুর এলাকার দিকে জল সরবরাহের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, প্রচুর জল ওই ফুটো দিয়ে পড়ে নষ্ট হচ্ছে। বজবজ পুরসভা এলাকায় জল সরবরাহের এটাই প্রধান পাইপলাইন। তাই ঠিক হয়েছে যে আজ, বৃহস্পতিবার, ১৯ জুন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট পাইপটি মেরামতের কাজ হবে।
বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বুধবার সন্ধ্যায় বলেন, ওই জরুরি কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জল সরবরাহ করা হবে। কিন্ত বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরবাসীদের জল সরবরাহ করা যাবে না। কারণ সারাদিন ও রাত পর্যন্ত মেরামত চলবে। যথারীতি শুক্রবার সকাল থেকে জল সরবরাহ করা হবে। চেয়ারম্যান বলেন, কেএমডিএ-এর তত্ত্বাবধানে এই জল সরবরাহ হচ্ছে। মেরামতের কাজও তারাই করবে। এদিন কেএমডিএ থেকে চিঠি দিয়ে এই মেরামতির কথা জানানো হয়। তার পরিপ্রেক্ষিতেই পুরসভার ২০টি ওয়ার্ডে মাইক দিয়ে প্রচার করা হয়েছে। যাতে নাগরিকরা এ বিষয়ে অবগত হয়ে সেইমতো প্রস্তুতি নিতে পারেন। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।