পাইপ ফেটে ভাসল টালা, বিঘ্ন জল সরবরাহে
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় জলের পাইপলাইন ফেটে বিস্তর বিপত্তি ঘটল। টালা স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে ব্রিজের নীচে থাকা পানীয় জল সরবরাহের পাইপলাইন ফেটে যাওয়ায় সোমবার সকাল থেকে জলমগ্ন হয়ে পড়ে টালার বিস্তীর্ণ এলাকা। ঘোষবাগান, পাইকপাড়া অঞ্চলের একাধিক রাস্তায় কার্যত প্লাবন পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় টালা ট্যাংক ও সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা ততটা প্রকট হওয়ার কথা নয়। তবে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের জল সরাসরি যেত এন্টালি অকল্যান্ড স্কোয়ারের জলাধারে। সেখান থেকে সরবরাহ হত বাড়ি বাড়ি। ফলে আগামী কয়েকদিন শহরের সেল্ট্রাল অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এ জে সি বোস রোড, শিয়ালদহ, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ, কসবা এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে বলেই জানিয়েছে কলকাতা পুরসভা।

Advertisement

এদিন ভোরের দিকে আচমকাই টালার বিভিন্ন এলাকায় রাস্তায় জল উঠতে শুরু করে। কোথা থেকে এত জল এল, সেসব বুঝে ওঠার আগেই বনমালী সরকার স্ট্রিট, নীলমণি মিত্র রোসহ টালার ৯ নম্বর ওয়ার্ডের (পূর্বতন ৫ নম্বর ওয়ার্ড) বিভিন্ন এলাকায় হাঁটুসমান জল জমে যায়। পুরসভা সূত্রে খবর, শহরে জল সরবরাহের জন্য পলতা থেকে টালা ট্যাংক পর্যন্ত মোট ছ’টি পাইপলাইন রয়েছে। তার মধ্যে তিনটি ব্রিটিশ আমলের, বাকি তিনটি স্বাধীনতা পরবর্তী সময়ে কলকাতা পুরসভা তৈরি করেছে। পলতা থেকে পরিস্রুত পানীয় জল এসে টালা ট্যাংকে জমা হচ্ছে। এরপর সেখান থেকে একাধিক সরবরাহ পাইপলাইনের মাধ্যমে শহরের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে। এই সরবরাহ পাইপগুলির একাংশও ব্রিটিশ আমলে তৈরি। সেরকমই একটি ৭২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ফেটে এই কাণ্ড ঘটেছে। রাস্তার জমা জল এলাকার বিভিন্ন বাড়িতেও ঢুকে যায়। এমনকি, পাড়ার কালীপুজোর প্যান্ডেলেও জল থৈ থৈ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত সাকশন মেশিন এবং পাম্প লাগিয়ে জল নামানোর ব্যবস্থা করে পুরসভা। তবে পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে কলকাতা স্টেশন থেকে চারটি দূরপাল্লার ট্রেন (কলকাতা-শিলঘাটা কাজিরাঙা এক্সপ্রেস, কলকাতা-আজমগড় এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস) ছাড়তে দেরি হয় ৩ থেকে ৬ ঘণ্টা। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, টালার রেল ইয়ার্ড ও সংলগ্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। কিছু ট্রেন ছাড়তে দেরি ও কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। আগামী এক-দু’দিন চক্ররেলের যাত্রাপথও কাটছাঁট করতে হতে পারে।  
এই ঘটনায় সকালের দিকে সাময়িকভাবে পানীয় জল সরবরাহ ব্যাহত হয় টালা এবং সংলগ্ন অঞ্চলে। তবে আগের রাতে যেহেতু বিভিন্ন পাম্পিং স্টেশনে জল পৌঁছে দেওয়া গিয়েছে, তাই এদিন পানীয় জল নিয়ে খুব একটা সমস্যা হয়নি। তবে অনেক এলাকায় জলের চাপ কমে গিয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আগামী দু-তিনদিন শহরের বিভিন্ন অংশে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে। পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে ওই পাইপলাইন ‘ডিওয়াটারিং’ বা জলশূন্য করা হয়েছে। সোমবার রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প ব্যবস্থা তৈরির কাজে হাত দেওয়া হয়েছে।