Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাইপ লাইন বসানোর জন্য ভাঙা হচ্ছে বহু রাস্তা, চরম দুর্ভোগে গ্রামের মানুষরা

পাইপ লাইন বসানোর জন্য ভাঙা হচ্ছে বহু রাস্তা, চরম দুর্ভোগে গ্রামের মানুষরা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই প্রকল্পে ইতিমধ্যেই বীরভূম জেলার বিভিন্ন গ্রামে পাইপ লাইন বসানোর কাজও শুরু হয়েছে। কিন্তু এই পাইপ লাইন বসানোর সময় বেহাল অবস্থা তৈরি হচ্ছে গ্রামের রাস্তাঘাটের। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও পানীয় জলের কাজের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হলেই সেই সব রাস্তা ঠিকাদাররাই মেরামত করবেন বলে আশ্বাস দিচ্ছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই বীরভূমে ১৯টি ব্লকে ‘জল জীবন মিশন’ প্রকল্পে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, প্রতিটি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে। সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাইনে মাধ্যমে প্রতিটি গ্রামের বাড়িতে জলের সংযোগ দেওয়া হচ্ছে। এর জন্য সেই পাইপ লাইনগুলি নিয়ে যাওয়া হচ্ছে মাটির তলা দিয়ে। আর সেই পাইপ লাইন বসানোর সময় একাধিক কাঁচা ও পাকা রাস্তা খুঁড়ে ফেলা হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে রাস্তাগুলি হয়তো নতুন করে সংস্কার করা হয়েছিল কিছুদিন আগে। সেই রাস্তাও ফের খুঁড়ে ফেলে নষ্ট করা হয়েছে। রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের ভবানীপুর মোড় থেকে লাউজোড় রাস্তাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। প্রায় চার কিমি এই রাস্তা দিয়ে প্রায় দুই থেকে তিনটি জলের সংযোগ নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একটি রয়েছে কবিলাসপুর থেকে। জলের সংযোগ নিয়ে যাওয়া হয়েছে লাউজোড় পর্যন্ত। লাউজোড় গ্রাম থেকে জলের লাইন নিয়ে যাওয়া হয়েছে ভবানীপুর পর্যন্ত। সেই কারণে রাস্তার বিভিন্ন জায়গায় খুঁড়ে ফেলে পাইপ লাইন বসানো হয়েছে। আগে রাস্তাটি সাময়িক কিছু জায়গায় খারাপ থাকলেও চলাচলের যোগ্য ছিল। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা বেহাল হওয়ায় রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া জেলার খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ি ১ ও ২ ব্লক সহ একাধিক জায়গায় একইভাবে পাইপ লাইন বসানোর জন্য ভেঙে চৌচির হয়ে যাচ্ছে রাস্তাঘাট। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের আগেই পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেলে নতুন সংস্কার হওয়া রাস্তা ভেঙে ফেলার দরকার হয় না। যদিও প্রশাসনের দাবি, এই পানীয় জল দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেসব রাস্তা ভাঙা পড়ছে, সেখানে নতুন করে রাস্তা মেরামত করে দেওয়া হবে কাজ শেহের পরে। সংশ্লিষ্ট ঠিকাদাররাই সেই কাজ করবেন। 
রাজনগর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বলেন, পাইপ লাইনের বসানোর কাজের জন্য কিছু রাস্তা ভাঙা পড়ছে। জেলাস্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জলের কাজ শেষ হলেই এই সব রাস্তা মেরামত করে দেবেন ঠিকাদাররাই। সাধারণ মানুষের সাময়িক কিছুটা সমস্যা হলেও গ্রামবাসীদের জন্য পানীয় জলের পাইপ লাইন বসানো খুবই দরকার। তাই সাধারণ মানুষকেও একটু সহযোগিতা করতে হবে।  
সম্পর্কিত সংবাদ