হেলিকপ্টারে চেপে এবার গঙ্গাসাগর মেলায় যাওয়ার সুযোগ পাবেন পুণ্যার্থীরাও
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: এতদিন শুধুমাত্র আধিকারিক এবং রোগীদের প্রয়োজনে মিলত হেলিকপ্টার পরিষেবা। আসন্ন গঙ্গাসাগর মেলায় এবার  পুণ্যার্থীরাও হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন। এই প্রথম সাগর মেলাকে কেন্দ্র করে এই ধরনের ব্যবস্থা চালু হতে চলেছে। শনিবার সাগরে মেলা প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর একথা জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তিনি বলেন, ‘৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়া খাটবে। সিট পিছু বুকিং করে পুণ্যার্থীরা এখানে আসতে পারবেন। এ ব্যাপারে প্রচারও চালানো হবে। সকালে এসে পুজো দিয়ে বিকালের মধ্যে ফিরে যেতে পারবেন।’ দেশ-বিদেশ থেকে যাঁরা হাতে কম সময় নিয়ে মেলা ঘুরে যেতে চান, তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই সুবিধা দেবে বলে আশাবাদী সরকার। তাছাড়া, গঙ্গাসাগর মেলাকে এবার কুম্ভ মেলার মতো আন্তর্জাতিক স্তরের করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যসচিব।  তাঁর দাবি, আগে যেমন মেলা লোকে দেখেছে, সেসব এবার ছাপিয়ে যাবে। পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাড়ানো হবে হোল্ডিং সেন্টার। অতিরিক্ত ভিড়ের জন্য তীর্থযাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য দেওয়া হবে বিভিন্ন পরিষেবা।

Advertisement

তিনি আরও জানান, পুণ্যার্থীরা যাতে এখানে এসে ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা করা হবে। একসঙ্গে অনেক লোককে নদী পারাপার করানোর জন্য এবার বাড়তি বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যসচিব বলেন, ‘অন্যান্যবার চার-পাঁচটি বার্জ চলে। এবার ১৫ থেকে ২০টি বার্জ চালানোর কথাবার্তা চলছে।’ বৈঠক সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর ড্রেজিং করার পর ওই চ্যানেলটি কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। লট নম্বর এইটে অতিরিক্ত যাত্রীশেড বানানো হবে বলেও ঠিক হয়েছে। ডায়মন্ডহারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত আলো লাগানোর ব্যবস্থা করা হবে মেলা উপলক্ষ্যে। চালকরা মদ্যপান করে গাড়ি চালাচ্ছে কি না, তা নজর রাখতে পুলিশকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের কোনো পরিস্থিতিতেই হেনস্তা করা যাবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠকে।