নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শালবন ঘেরা ছোট্ট গ্রাম লালবাজার। রাস্তার দু’পাশে ফুটেছে রঙবেরঙের বন ফুল। মাটির বাড়ির দেওয়ালে কোথাও জঙ্গলের পশু পাখি, গৃহস্থালির ছবি কোথাও আবার রামের বনবাস, রাধাকৃষ্ণের ছবি আঁকা হয়েছে। লোধা শবরদের তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে লালবাজারগাঁ। বৃদ্ধ, বৃদ্ধারা ছোটদের শোনান শবরী মাতার গল্প কথা। জঙ্গল ঘেরা গ্ৰামের আদিম জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রেখেছে তাদের সংস্কৃতি।
ঝাড়গ্রাম শহর থেকে চার কিমি দূরে লালবাজার গ্ৰাম। শহরের কদমকান রেলগেট হয়ে জঙ্গলের রাস্তায় গ্ৰামে পৌঁছাতে হয়। গ্ৰামে ঘিরে রয়েছে গভীর জঙ্গল। মাঝে মাঝে ছোট চাষের জমি। পঁয়ত্রিশ ঘর লোধাশবর ও অন্য জনগোষ্ঠীর মানুষের বসবাস। গ্ৰামের বাসিন্দাদের একাংশ এখনও জঙ্গল থেকে শুকনো কাঠ , শালপাতা সংগ্ৰহ করে জীবিকা নির্বাহ করেন। অনেকে চাষবাসও করেন। লোধা শবররা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন। মৌখিক লোকগাথায় জঙ্গল জীবনের গল্পের সঙ্গে রামায়ণের বনবাস , শবরী মা তার গল্প জুড়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে সেই সংস্কৃতি বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলছেন। অনেকদিন আগে শহর থেকে গ্ৰামে একদল শিল্পী এসে ছিল। লোধা শবরদের তাঁরা রঙ তুলি হাতে ধরিয়ে ছবি আঁকা শিখিয়েছিল। সহজ সরল রেখায় তাঁরা জঙ্গলের গাছপালা, পশু-পাখি, নিজেদের বলা মৌখিক গল্পের ছবি এঁকে চমকে দিয়েছিল। জঙ্গল থেকে শুকনো কাঠ দিয়ে হস্তশিল্প বানানো রপ্ত করেছিল। গ্ৰামের বাসিন্দা যা এখন অবসর সময়ের নিজেদের না বলা কথা বাড়ির দেওয়ালে ফুটিয়ে তোলেন। সামান্য শুকনো কাঠ, ফলের আঁটি দিয়ে শিল্প সামগ্ৰী তৈরি করেন। ২০২১সালে প্রশাসনের তরফে গ্ৰামবাসীদের জন্য হস্তজাত শিল্প সা মগ্ৰী তৈরি ও রক্ষণের জন্য দুটি পাকা ঘরনির্মাণ করে দেওয়া হয় । একটি ঘরের নাম ‘কারক’। গ্ৰামের লোধা শবররা যেখানে শিল্প সামগ্ৰী তৈরি করেন। 'শৈল্পিক' নামাঙ্কিত অন্য ঘরে হস্তশিল্পের সামগ্রীর স্টল রয়েছে। পর্যটকরা গ্ৰামে এসে লোধা শবরদের তৈরি জিনিসপত্র কিনে নিয়ে যান। পর্যটকদের হাত ধরেই লালবাজার শিল্প গ্ৰামের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গবেষকদের লেখায় লোধাশবর দের রামায়ণের সংযোগের বিষয়টি নতুন করে উঠে আসছে।রামায়ণে শবরী মাতার উল্লেখ রয়েছে। শবরী মাতা শিকারি পরিবারে জন্মেছিলেন। বন্য প্রাণী হত্যার বিরোধিতা করে সংসার ছেড়ে মহর্ষি মাতঙ্গের আশ্রমে সাধনা ও সেবায় নিজেকে নিয়োজিত করেন। গুরু আশ্বাস দিয়েছিলেন,একদিন রামচন্দ্র তাঁর আশ্রমে আসবেন। গুরুর মৃত্যুর পরেও প্রতিদিন রামের অপেক্ষায় আশ্রমের পথ পরিষ্কার করে রাখতেন। অবশেষে রাম ও লক্ষ্মণ তাঁর আশ্রমে উপস্থিত হয়েছিলেন। আপ্যায়নের জন্য শবরীমাতা নিজের জন্য সংগ্রহ করা কুল রামচন্দ্রকে খেতে দিয়েছিলেন। দিয়েছিলেন সুগ্ৰীবের হদিস। লোধা শবর সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরা ধরে সেই গল্প ভুলে যায়নি।
গ্রামের বাসিন্দা ষষ্ঠী চরণ আহির বলেন, গাঁয়ের মাটির বাড়ির দেওয়াল ছবিতে ভরে উঠেছে।আমরা নিজেদের সংস্কৃতির কথা ভুলে যাইনি। গ্ৰামের মানুষ যে শিল্পশিক্ষা অর্জন করেছে রঙ তুলি দিয়ে তা ফুটিয়ে তুলছে। অপর বাসিন্দা নবীন আহির বলেন, শবরী মাতা, রামের বনবাসের কথা ছোটদের তো বলি।



