Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতের মরশুমে জেলায় বাড়ছে পিকনিকের ভিড়, গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নজরদারি

শীত পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে জেলার পিকনিক স্পটগুলিতে। তাই নিয়ে তৎপর পুলিশ। পিকনিকের মরশুমে অপ্রীতিকর ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপার।

শীতের মরশুমে জেলায় বাড়ছে পিকনিকের ভিড়, গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি নজরদারি
  • ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: শীত পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে জেলার পিকনিক স্পটগুলিতে। তাই নিয়ে তৎপর পুলিশ। পিকনিকের মরশুমে অপ্রীতিকর ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপার। নিয়মিত এলাকায় টহল, পুলিশ মোতায়েন থেকে শুরু করে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছেন তিনি। 

Advertisement

গত কয়েকদিনে জেলায় হাড় কাঁপানো শীত পড়েছে। শীতকাল মানেই বাঙালির পিকনিক শুরু। গত কয়েকদিন ধরেই জেলার পিকনিক স্পটগুলিতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়ানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই তৎপরতা শুরু হয়েছে। 
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলায় একাগুচ্ছ পর্যটন কেন্দ্র রয়েছে। যেখানে জেলার মানুষ তো বটেই, ভিন জেলা এমনকী ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক ও পিকনিকের দল আসে। সেই তালিকায় যেমন রয়েছে তারাপীঠ, ঠিক তেমনই রয়েছে বক্রেশ্বরধাম, মামা ভাগ্নে পাহাড়, বোলপুরের সোনাঝুরি হাট, নানুরের গোয়ালপাড়া সহ আরও অনেক নাম। সামনেই রয়েছে ৩১ ডিসেম্বর এবং তারপরই নতুন বছর। এই দিন দু’টিতে পর্যটক ও পিকনিকের দলের সংখ্যা বেড়ে যায়। 
জেলা পুলিশের কর্তাদের থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার প্রত্যেক থানার আইসি, ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন। পিকনিক স্পটগুলিতে নিয়মিত প্যাট্রলিং করা, যেখানে লোকের ভিড় হয়, সেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ বানানো, নিয়মিত নাকা চেকিং করা। এছাড়া পিকনিক স্পটগুলিতে কোথাও সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা আছে কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত সেখানে সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। 
জেলা পুলিশের কর্তাদের আরও দাবি, পিকনিকে মদ্যপান করার অভ্যাস কিছু মানুষের মধ্যে দেখা যায়। তাই মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সে দিকে নজর রাখবে পুলিশ। মদ্যপ অবস্থায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে দিকেও নজর থাকবে। সেরকম পরিস্থিতি তৈরি হলে তৎক্ষনাৎ পুলিশ পদক্ষেপ করবে। এছাড়া, পিকনিকের দলের সঙ্গে উচ্চস্বরে ডিজে বা বক্স বাজানোর প্রবণতা থাকে। পাশাপাশি বর্ষবরণের দিন রাত পর্যন্ত ডিজে বাজানোর অভিযোগ আসে। সই সব বরদাস্ত করা হবে না বলে জেলা পুলিশের শীর্ষকর্তারা জানান। এই নিয়ে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, আমরা প্রত্যেক থানার আইসি, ওসি থেকে শুরু করে প্রত্যেক পুলিশ কর্তাকে নির্দেশ দিয়েছি। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পর্যটক ও পিকনিক দলের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সবরকম পদক্ষেপ করছে।

সম্পর্কিত সংবাদ