সংবাদদাতা, বালুরঘাট: হাতে ব্যাগ রয়েছে। সেই ব্যাগের ভিতরে রাখা টাকা, মোবাইল, সোনার গয়না। তিনি নিশ্চিন্তে মেলায় ঘুরছেন। আর কখন যে হাতের ব্যাগ থেকে উধাও হয়ে যাচ্ছে সেই সব দামি জিনিস তা তিনি টেরই পাচ্ছেন না! ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে ব্লেড দিয়ে ব্যাগ কেটে নিমেষে হাতসাফাই চালাচ্ছে দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা মেলায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে ঝাড়খণ্ড, বিহার সহ ভিন রাজ্যের দুষ্কৃতীরা। বাদ যাচ্ছে না এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অপরাধীরাও। পকেটমারি, ব্যাগ কেটে চুরি, এমনকী সোনা গয়না ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে শোরগোল পড়েছে বোল্লা মেলায়।
পরিস্থিতি সামাল দিতে জোরদার অভিযান শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে মোট ৮২ জনকে। ধৃতদের মধ্যে ২৬ জন মহিলা! তারা ভিন রাজ্যে ও এই রাজ্যের নানা জায়গা থেকে এসেছে। এদিকে, শনিবার মেলায় আরও ভক্তরা ভিড় জমাচ্ছেন। ভিড় সামাল দিতে সক্রিয় জেলা পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, পকেটমারি, চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় ৮২জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেলায় পুলিশের টিম অত্যন্ত সক্রিয় ভাবে কাজ করছে। সর্বত্র নজরদারি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে এই দুষ্কৃতীরা মেলায় সক্রিয় হয়ে ওঠে। দুপুর থেকে এসব চুরির ঘটনা সামনে আসছিল। রাতের দিকে সেই দাপট আরও বাড়ে। পুলিশ রাতভর অভিযান চালিয়েছে। তাতেও কমছেনা এই চুরি ছিনতাইয়ের প্রবণতা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহু মানুষের নানা সামগ্রী চুরি ও ছিনতাই হয়েছে।
গঙ্গারামপুরের নয়াবাজার থেকে বোল্লা মেলায় এসেছিলেন তাপসী রায়। তাঁর অভিযোগ, ভিড়ের মধ্যে তাঁর ব্যাগ সহ সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। ভিড় এতটাই বেশি ছিল যে, কে বা কারা ব্যাগটি নিয়ে পালাল, তা তিনি দেখতেই পাননি।
একইভাবে গঙ্গারামপুরের রিংকু সরকার ব্যাগ থেকে দু’টি মোবাইল ফোন ও টাকা-পয়সা চুরি হয়েছে বলে অভিযোগ। তিনি পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, ভিড়ের মধ্যে কখন যে ব্লেড দিয়ে ব্যাগ কেটে মোবাইল ও টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে তা বুঝতেই পারিনি। মালদহ থেকে মেলায় এসেছিলেন স্বপ্না কুণ্ডু। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা ব্লেড দিয়ে তাঁর ব্যাগ কেটে মোবাইল ফোন ও পার্স নিয়ে পালিয়েছে।
অন্যদিকে, শুক্রবার রাতে বোল্লা রক্ষাকালী মন্দিরে নিষ্ঠাভরে মায়ের পুজো সম্পন্ন হয়। হাইকোর্টের নির্দেশাবলী ও প্রশাসনের বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে সম্পন্ন হয়েছে পশুবলি। গতবারের তুলনায় এদিন মন্দির চত্বরে পুজো ও মেলা পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুষ্ঠু পরিস্থিতি দেখা গিয়েছে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ওয়ানওয়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে মন্দির চত্বরে ভিড়ের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। তবে শনিবার সকাল থেকে বোল্লা মেলায় ভক্তদের ভিড় বাড়তে শুরু করে। শুক্রবারের তুলনায় শনিবার মাকে দর্শন করতে আসা মানুষের সংখ্যা ছিল অনেকটা বেশি। লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের দর্শন করেন। দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমনে জমে উঠেছে মেলাও। পাশাপাশি মেলায় ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।



