নিজস্ব প্রতিনিধি, মালদহ: শিক্ষক দিবস উপলক্ষ্যে তিনদিনের ফুটবল টুর্নামেন্ট শুরু করলেন মালদহের ইংলিশবাজার ব্লকের মহদিপুর অঞ্চলের পিয়াসবাড়ি সাহিত্য সমিতি ক্লাবের সদস্যরা। শুক্রবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় পিয়াসবাড়ি গৌড়ীয় হাইস্কুল মাঠে। উপস্থিত ছিলেন মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির সদস্য বাপি ঘোষ, লুকোচুরি পুলিস ক্যাম্পের অফিসার ইনচার্জ চন্দনকুমার সিংহ এবং পিয়াসবাড়ি সাহিত্য সমিতির সভাপতি সমীর ঘোষ (বাসু)। ছিলেন গৌড়ীয় হাইস্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ঘোষ, এই প্রতিযোগিতার একসময়ে শুরুর দিকে অনুপ্রেরণা দেওয়া সমীর দাস সহ অন্যরা। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৬০ হাজার এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ ৪০ হাজার দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, মাঠে খেলাধুলো করলে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে মানসিক বিকাশ ঘটে। আমরা আয়োজক কমিটির সদস্যদের এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রত্যেক বছর এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রতিযোগিতা নিয়ে মহদিপুর তথা মালদহ জেলাতেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ফুটবলপ্রেমী খেলা দেখতে আসেন। জেলার বিভিন্ন এলাকার ফুটবল দলের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ও রাজ্য থেকেও খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেন।
লুকোচুরি পুলিস ক্যাম্পের অফিসার ইনচার্জ চন্দনকুমার সিংহ জানান, শিক্ষকেরা সমাজ গড়ে থাকেন। এমন শিক্ষক দিবসের দিনে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আয়োজকরা নিজেদের পাশাপাশি জেলাস্তরের খেলোয়াড়দের জন্য নতুন করে জায়গা করে দিলেন। পিয়াসবাড়ি সাহিত্য সমিতির সভাপতি সমীর ঘোষ বলেন, আমরা প্রত্যেক বছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকি। মূলত, শিক্ষক দিবসের দিনে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। নিজস্ব চিত্র