Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরে, রহস্য

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আইআইটি খড়্গপুরে। অধ্যাপকের পর এবার রহস্যজনকভাবে মৃত্যু হল এক পড়ুয়ার।

ফের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়্গপুরে, রহস্য
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আইআইটি খড়্গপুরে। অধ্যাপকের পর এবার রহস্যজনকভাবে মৃত্যু হল এক পড়ুয়ার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা(১৯)। আইআইটি সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা অঙ্কিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকতেন খড়্গপুর আইআইটির গোখলে হলে। 

Advertisement

এদিন নালন্দা কমপ্লেক্সে ক্লাস করতে গিয়েছিলেন তিনি। বিকেল সাড়ে ৩টে নাগাদ ওই কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো, এসডিপিও সিদ্ধার্থ ঢাঙ্গি। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। 
পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর অবধি সবকিছু স্বাভাবিকই ছিল। ক্লাসে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে স্বাভাবিক আচরণই করেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে দুপুরের খাবারও খেয়েছিলেন অঙ্কিত। বিকেল সাড়ে ৩টে নাগাদ নালন্দা কমপ্লেক্সের তিনতলার ব্যালকনি থেকে পড়ে যান তিনি। ওই ব্যালকনিতে লোহার রেলিংও দেওয়া ছিল। তা সত্ত্বেও কীভাবে পড়ে গেলেন অঙ্কিত, তা নিয়েই জল্পনা ছড়িয়েছে। 
প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, পড়ে গিয়ে মৃত্যু, নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! অঙ্কিতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন পৌঁছানোর পর শুক্রবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। 
আইআইটি খড়্গপুরের জনসংযোগ আধিকারিক প্রতীক দামা জানিয়েছেন, খুবই মেধাবী ও হাসিখুশি ছাত্র ছিল অঙ্কিত। এদিন সকাল থেকে ঠিকঠাকভাবেই ক্লাস করেছে, খেয়েছে, আড্ডাও দিয়েছে। ওর মানসিক অবস্থাও ঠিকঠাক ছিল বলেই আমরা জানতে পেরেছি। কাজেই এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না! যদিও পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই খড়্গপুর আইআইটির স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরামের(৩৫)। তার আগে গত ২৮ এপ্রিল সোহম হালদার(২২) নামে চতুর্থ বর্ষের এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হল থেকে। গত ১৮ এপ্রিল তৃতীয় বর্ষের পড়ুয়া জয়বীর সিং দোডিয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল একটি আবাসনের নীচ থেকে। সবমিলিয়ে গত ২০ মাসে আইআইটি খড়্গপুরের ১০ জন পড়ুয়া ও একজন অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বারবার এই ধরনের ঘটনায় আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ যথেষ্ট চিন্তিত বলে জানিয়েছেন অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ