নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বারবার বলেও কাজ হচ্ছে না। কংক্রিটের স্ল্যাবে ঢেকে যাচ্ছে ড্রেন। ফুটপাত দখল নিয়ে এমনই নানা অভিযোগের অন্ত নেই। তাই মঙ্গলবার সন্ধ্যায় হ্যান্ড মাইক হাতে নিয়ে শহরের এমজি রোডে নিজেই নামলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। সঙ্গে ছিলেন পুরসভার অন্যান্য পদাধিকারী ও আধিকারিকরা। সন্দীপবাবুর স্পষ্ট বার্তা, শহরের ফুটপাত দিয়ে মানুষের হাঁটার জায়গা অনেক সংকুচিত হয়ে গিয়েছে। রাস্তার ধারে নর্দমায় যথেচ্ছ প্লাস্টিক সামগ্রী, রান্নার ছাই ফেলা হচ্ছে। ড্রেন ব্যবহার হচ্ছে ডাস্টবিনের মতো। ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না। অনেকে ফুটপাতের উপর দোকানের সামগ্রী রাখছেন। অনেক দোকানদার ড্রেন কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছেন। এতে ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না। সন্দীপবাবু বলেন, ১ জানুয়ারি থেকে এসমস্ত ব্যাপারে পুর আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।



