সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার উপ নির্বাচন মিটতেই বীরপাড়ায় বৃহস্পতিবার থেকে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামল পুলিস। বীরপাড়া থানার ওসি নয়ন দাসের নেতৃত্বে এদিন এই অভিযান হয়। বীরপাড়া পুরাতন বাজার, বীরপাড়া চৌপথির ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ধারে ও লঙ্কা রোডে এই অভিযান চালানো হয়। যদিও পুলিস অভিযানে নামতেই স্ট্রিট হকাররা নিজেরাই ফুটপাতে থাকা তাঁদের অস্থায়ী কাঠামো সরিয়ে নিয়ে যান। ফুটপাতের পাশে স্থায়ী দোকানদাররাও তাঁদের সাইনবোর্ড ও পসরা সরিয়ে নেন। পুলিসকে কোনও বাধার মুখেই পড়তে হয়নি এদিন।
Advertisement
ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করার কারণে বীরপাড়ায় দুর্ঘটনা লেগেই আছে বলে অভিযোগ পাচ্ছিল পুলিস। পুলিস জানিয়েছে, টোটোর অবৈধ পার্কিংয়ের কারণেও বীরপাড়ায় দুর্ঘটনা বাড়ছে। এদিন টোটোর অবৈধ পার্কিংও হটিয়ে দেওয়া হয়। বীরপাড়া থানার ওসি বলেন, এমন অভিযান চলবে।



