সংবাদদাতা, সাঁইথিয়া: সিউড়ির মাদ্রাসা রোড থেকে নন্দগোপাল মোড় পর্যন্ত রাস্তার ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা। এর ফলে ব্যাপক যানজটে নাজেহাল শহরবাসী। রাস্তার উপর নানান সামগ্রী রাখার ফলে রাস্তা আরও সংকীর্ণ হয়েছে। তার ফলে একদিকে যেমন বেড়েছে যানজট, অন্যদিকে নিত্যদিন ঘটছে ছোটবড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পুরসভা ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করার কথা বললেও এখনও পর্যন্ত তা করতে পারেনি। দুর্গাপুজোর আগে পুরসভা মাইকিং করে বলেছিল, রাস্তার উপর দোকানের কোনও সামগ্রী রেখে কেউ ব্যবসা করবেন না। কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। বরং প্রতিদিন সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
Advertisement
শহরের এক বাসিন্দা স্বপন পাল বলেন, সিউড়ি শহরে বেশকিছু রাস্তা এখন ব্যবসায়ীদের দখলে। তাঁরা রাস্তার উপর দোকানের নানান সামগ্রী নামিয়ে রেখে রাস্তাকে আরও সংকীর্ণ করে তুলেছেন। প্রতিদিন সকালে মাদ্রাসা রোড থেকে নন্দগোপাল মোড় পর্যন্ত রাস্তায় যাতায়াত করাই দায় হয়ে পড়েছে। জেলার সদর শহর হওয়া সত্ত্বেও পুরসভা অথবা প্রশাসনের কোনও ভূমিকা চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনে অফিস, স্কুলের সময় ব্যাপক যানজটে ভুগতে হয় শহরবাসীকে। মাদ্রাসা রোড থেকে নন্দগোপাল মোড় পর্যন্ত রাস্তার দু’দিকে দোকানপাট থাকলেও এক সাইডে ফুটপাত পুরোটাই দখল হয়ে গেছে। দোকানের নানান সামগ্রী রাস্তার উপরে নামানো থাকে ফলে ওই রাস্তা পেরিয়ে বাসস্ট্যান্ড পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর রাস্তার উপরে টোটো, মোটরবাইক পার্কিং করে রাখায় সমস্যা আরও বৃদ্ধি পায়। গাড়ি চালক পঙ্কজ দাস বলেন, নিত্যদিন এই রাস্তায় যানজট লেগেই থাকে। ফলে গাড়ি নিয়ে যেতে হিমশিম খেতে হয়। বেশকিছু ব্যবসাদার দোকানের নানান সামগ্রী রাস্তার উপর নামিয়ে রাখেন। এর ফলে যখন যানজটের সৃষ্টি হয়, তখন অসাবধান বসত গাড়িতে লেগে জিনিসপত্র পড়ে গেলে তাঁরা মারমুখী হয়ে ওঠেন। এক হকার বলেন, শহরের বেশকিছু রাস্তার দু’পাশে দোকানদাররা ব্যবসা করেন। পুরসভার পক্ষ থেকে বেশকিছু দিন আগে একবার মাইকিং করা হয়েছিল। কিন্তু অনেক দোকানদার সে বিষয়ে তেমন আমল দিতে চাননি। তাদের জন্য আমাদের মতো ক্ষুদ্র দোকানদারদের অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা চাই উচ্ছেদের আগে পুরসভা সবদিক খতিয়ে দেখে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিক।
এ বিষয়ে সিউড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিপ্রা মজুমদার বলেন, কয়েকদিন আগে পুরসভার তরফে উচ্ছেদ অভিযান করা হয়েছিল। প্রশাসনের সহযোগিতা পেলেই ফের উচ্ছেদের কাজ শুরু হবে।
এ বিষয়ে সিউড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিপ্রা মজুমদার বলেন, কয়েকদিন আগে পুরসভার তরফে উচ্ছেদ অভিযান করা হয়েছিল। প্রশাসনের সহযোগিতা পেলেই ফের উচ্ছেদের কাজ শুরু হবে।



