Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাটাপুকুরে বাস দুর্ঘটনায় আহত ২৫

ফাটাপুকুরে বাস দুর্ঘটনায় আহত ২৫
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনায় জখম ২৫ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুরে। জখম যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। গুরুতর জখম দু’জনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যালে। খবর পেয়ে হাসপাতালে জখমদের সঙ্গে দেখা করেনরাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ ফাটাপুকুরে ট্রাফিক সিগন্যালে একটি মালবোঝাই কন্টেনার দাঁড়িয়েছিল। বাসটি শিলিগুড়ি থেকে কালচিনির উদ্দেশে যাচ্ছিল। হঠাৎই বাসটি দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসচালক সহ জখম হন ২৫ জন। স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজগঞ্জ ট্রাফিক পুলিসও। অ্যাম্বুলেন্স ও পুলিস ভ্যানে করে জখম যাত্রীদের নিয়ে যাওয়া হয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে সামান্য আঘাত পাওয়া যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতরভাবে জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চক্রবর্তী সহ অন্যরা। 
জখম যাত্রী অসীম আলি বলেন, শিলিগুড়ি থেকে ফাটাপুকুরে আসছিলাম। গাড়ি থেকে দেখতে পেলাম সামনে একটি কন্টেনার ট্রাফিক সিগন্যালে আচমকা দাঁড়িয়ে যায়। আমাদের বাসের চালক নিয়ন্ত্রণ করতে না পেরে ওই গাড়িতে সজোরে ধাক্কা মারে। আমার মাথা ফেটে গিয়েছে। 
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে জখমদের সঙ্গে কথা বলেন বিধায়ক খগেশ্বর রায় সহ তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। বিধায়ক বলেন, খবর পেয়ে জখমদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। যাঁরা সামান্য আঘাত পেয়েছেন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিস ঘটনাটি খতিয়ে দেখছে। রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদারের কথায়, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ