সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ৪৮ ঘণ্টার মধ্যেই মন্দিরে চুরির কিনারা করল হেমতাবাদ থানার পুলিস। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম রামকৃষ্ণ সরকার ও গোলাম রহমান। রামকৃষ্ণের বাড়ি রায়গঞ্জের উদয়পুরে। গোলাম রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাদের রায়গঞ্জ জেলা আদালতে তুলে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিস।
Advertisement
সোমবার রাতে হেমতাবাদ থানার বিদ্রোহী কালীমন্দির থেকে দেবীর রুপোর মুকুট সহ লক্ষাধিক টাকার গয়না চুরি যায়। ঘটনার তদন্ত নেমে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিস। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের লক্ষ্যে অভিযুক্তদের জেরা করবে পুলিস। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে।



