সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের গাঙ্গোর গ্রামের ঘটনা। রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের সাত কাঠা জমির সরিষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে দলটি। মাথায় হাত পড়েছে কৃষকের। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ। পুলিস তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কৃষক চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন। সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন, সকালে এসে দেখি জমির বেড়া কেটে সাত কাটার সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরআগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি, আম গাছ, পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে।



