সংবাদদাতা, কাঁথি: এক গৃহবধূ ও তাঁর মেয়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ সামিউল ও শেখ রিয়াজুল হোসেন। তাদের বাড়ি কাঁথি শহরের উত্তর দারুয়া এলাকায়। মঙ্গলবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক এলাকারই এক গৃহবধূ ও তাঁর মেয়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলে। তারপর তাতে অশ্লীল ছবি আপলোড করে। শুধু তাই নয়, দু’জনের প্রোফাইলে মোবাইল নম্বরও দিয়ে দেয়। বিষয়টি জানাজানি হতেই বিপাকে পড়েন ওই গৃহবধূ ও তাঁর মেয়ে। ঘটনার জেরে গৃহবধূর মেয়ে আত্মহত্যার চেষ্টাও করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শেষমেশ তাঁরা পুলিসের দ্বারস্থ হন। পুলিস ঘটনার তদন্তে নামে। প্রযুক্তি সহ নানা সূত্র কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ওই দুই যুবককে চিহ্নিত করে পুলিস। তারপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। আরও কেউ এসবের সঙ্গে যুক্ত কি না, তা জানার চেষ্টা চলছে।



