Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁস রুখতে ডিএলএড প্রশ্নপত্র তৈরি হবে ক্যামেরার নজরদারিতে

ফাঁস রুখতে ডিএলএড প্রশ্নপত্র তৈরি হবে ক্যামেরার নজরদারিতে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেডিক্যালের বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। তবে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের (ডিএলএড) গত দুটি পরীক্ষাই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রশ্নফাঁসের সমস্ত সম্ভাবনা এড়াতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে তারা। প্রশ্নপত্র তৈরি এবং তার মডারেশন প্রক্রিয়াকেও ক্যামেরাবন্দি রাখতে চাইছে তারা। যিনি প্রশ্ন তৈরি করবেন, তাঁকে পর্ষদ-নির্দিষ্ট স্থানে আসতে হবে। সেখানে মোবাইল ফোন বা তেমন ডিভাইস বাইরে রেখেই প্রশ্ন করতে ঢুকবেন তাঁরা। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তা দেখতে পাবেন পর্ষদ কর্তারা। অবশ্যই ক্যামেরা এমনভাবে সেট করা থাকবে যে তিনি কী লিখছেন তাও দেখা যাবে না। তবে, কেউ কোনোরকম অসদুপায়ে প্রশ্ন বাইরে বের করতে চাইলে তা ধরা পড়বে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, জুন-জুলাই পর্যন্ত সময় থাকলেও এপ্রিল থেকে মে মাসের মধ্যেই ডিএলএড পরীক্ষা নিয়ে ফেলতে পারবেন তাঁরা। কয়েকমাসের মধ্যেই তাঁরা ফলও প্রকাশ করে দেবেন।
Advertisement
এদিকে ডিএলএড কলেজগুলির অনুমোদন নিয়ে যে জটিলতায় রয়েছে, তা মেটানোর জন্য পর্ষদকে চিঠি দিয়েছে ইউনাইটেড ফোরাম সংগঠনটি। তাদের দাবি, দ্রুত অনুমোদনের পাশাপাশি শংসাপত্র দিতে হবে। কারণ সেই শংসাপত্র জমা দিয়ে এনসিটিইর কাছে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা দিতে পারবে তারা। সেটার চূড়ান্ত সময় ১০ ডিসেম্বর। সভাপতির বক্তব্য, এনসিটিইর কাছে সেই সময়সীমা বৃদ্ধির আবেদন জানাবেন তাঁরা। তবে, সমস্ত নথি ঠিকঠাক না-থাকলে কলেজগুলি অনুমোদন বা শংসাপত্র পাবে না। এদিকে কলেজগুলি হুঁশিয়ারি দিয়েছে, যথাসময়ে শংসাপত্র না-পেলে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে তারা। 
সম্পর্কিত সংবাদ