Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফার্মাসিস্ট ছাড়াই বীরভূম জেলায় চলছে একাধিক ওষুধের দোকান

ফার্মাসিস্ট ছাড়াই বীরভূম জেলায় চলছে একাধিক ওষুধের দোকান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ফার্মাসিস্ট ছাড়াই বীরভূম জেলায় চলছে বহু ওষুধের দোকান। শুধু শহর নয়, গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ওষুধের দোকান। অধিকাংশ ক্ষেত্রেই দোকানে থাকছেন না কোনও ফার্মাসিস্ট। জনৈক ফার্মাসিস্টের লাইসেন্স দেখিয়ে জোগাড় করা হচ্ছে এইসব ওষুধের দোকানের লাইসেন্স। তারপর দোকানের মালিকরা অবাধে চালাচ্ছেন দোকান। এই নিয়ে বিভিন্ন সময় বহু অভিযোগ আসে জেলা ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে। তাই এবার সেইসব বেআইনি দোকান বন্ধ করতে অভিযানে নেমেছে ড্রাগ কন্ট্রোল বোর্ড। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। 
Advertisement
বীরভূম জেলাজুড়ে সাড়ে তিন হাজারের বেশি রিটেল ও হোলসেল ওষুধের দোকান রয়েছে। দোকানগুলিতে সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে নিয়মিত অভিযোগ উঠছে লাইসেন্স ছাড়াই কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী দোকান খুলে বসছেন। গ্রামাঞ্চল এলাকায় এই ধরনের দোকান বেশি রয়েছে বলে খবর। ফলে ভুল ওষুধ দিয়ে দেওয়ারও ঝুঁকি থাকছে। আবার প্রেসক্রিপশন ছাড়াই কিছু ওষুধ সহজেই দিয়ে দেওয়া হচ্ছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে জেলা ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকদের সঙ্গে জেলা প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে প্রশাসনের তরফে ড্রাগ কন্ট্রোল বোর্ডকে কড়া নির্দেশ দেওয়া হয় এইসব বেআইনি দোকান বন্ধ করার জন্য। অভিযান চালিয়ে এইসব বেআইনি ওষুধের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তা নিয়ে নিয়মিত প্রশাসনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। 
সেই নির্দেশ অনুযায়ী ড্রাগ কন্ট্রোল বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ অভিযান। দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি থানা এলাকা ধরে বিভিন্ন দোকানে খতিয়ে দেখা হবে লাইসেন্স, বৈধ কাগজপত্র, ফার্মাসিস্টের ভূমিকা এবং মজুত ওষুধের প্রয়োজনীয় বিধি-নিষেধ। যদিও প্রশ্ন উঠেছে লাগাতার এই ধরনের বেআইনি ওষুধের দোকান চলতে থাকলেও কেন এতদিন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। 
জেলা ড্রাগ কন্ট্রোল বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভীক দাস বলেন, মূলত ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান খোলার একাধিক অভিযোগ আমাদের কাছে রয়েছে। বিশেষ অভিযান শুরু হয়েছে। তাতে আমরা জেলার প্রতিটি থানা এলাকা ধরে ওষুধের রিটেল ও হোলসেল দোকানগুলি খতিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ