সংবাদদাতা, জঙ্গিপুর: নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেওয়ার ঘটনায় তদন্তে এলেন মুর্শিদাবাদ জেলা শিক্ষাদপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার সকালে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ চার সদস্যের একটি প্রতিনিধিদল স্কুলে আসে। প্রতিনিধিদলে এডিআই দেবনারায়ণ শেঠ, জঙ্গিপুর মহকুমার সহকারী স্কুল পরিদর্শক সন্দীপ কোঁড়া সহ শিক্ষাদপ্তরের আধিকারিকরা ছিলেন। তাঁরা স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ফরাক্কার বিধায়ক বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি বিস্তারিত জেনেছি। প্রধান শিক্ষকের আচরণে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা অতিষ্ঠ। অশিক্ষক কর্মী এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশ প্রধান শিক্ষকের বদলির দাবি তুলেছেন। শিক্ষাঙ্গণে কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। এদিন দুপুরে প্রতিনিধিদলটি স্কুলে আসেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম ঘোষের সঙ্গে প্রথমে তাঁরা কথা বলেন। তারপর স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে স্টাফরুমে বৈঠকে বসেন। বেলা ২টো থেকে ৩টে অবধি বৈঠক চলে। যদিও অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সহ তিন শিক্ষক অনুপস্থিত ছিলেন। অভিযুক্ত এক শিক্ষক সুজন স্বর্ণকার জেল হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা সহকারী শিক্ষকদের কাছে গত শুক্রবারের ঘটনার কথা জানতে চান। বেশিরভাগ শিক্ষক জানান, তাঁরা বিষয়টি দেখেননি। ঘটনার সময়
Advertisement
ক্লাসে ছিলেন। বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগপত্র প্রমাণ হিসেবে বিধায়কের কাছে জমা দেওয়া হয়।



