Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কার গ্রামে পাশাপাশি দু’টি বাড়ির খড়ের গাদায় আগুন

ফরাক্কার গ্রামে পাশাপাশি দু’টি বাড়ির খড়ের গাদায় আগুন
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার রাতে ফরাক্কার ঘোড়াইমারিতে খড়ের গাদায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় জ্বলে ওঠে আগুন। স্থানীয় লোকজন বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোয় হাত লাগান। যদিও তাতে আগুন বাগে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিস। তারাই দমকল কেন্দ্রে খবর দেয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও তার আগেই সমস্ত খড় ভস্মীভূত হয়ে যায়। আক্রোশের বসেই কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটিয়েছে বলে খড়ের মালিকের দাবি। খড়ের গাদার আশপাশে বসতবাড়ি ছিল, কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
Advertisement
ফরাক্কা থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত খড় পুড়ে গিয়েছিল, যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে তারজন্য দমকল কর্মীরা এসে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলে। 
জানা গিয়েছে, এদিনই সন্ধ্যায় অপর এক ব্যক্তির উঠোনে খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। কেউ আগুন ধরিয়েছে সন্দেহে তারা হুমকি দেয়, তারাও অন্যদের গাদায় আগুন ধরিয়ে দেবে। 
কার্যত তার কিছুক্ষণ বাদই অন্য একটি বাড়ির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। আঁচলে চোখের জল মুছতে মুছতে সেরিনা বিবি বলেন, জানি না কারা আগুন লাগিয়েছে। আমার সব খড় পুড়ে গিয়েছে। সন্ধ্যায় পাশের বাড়ির খড় পুড়ে গেলে ওরা গালাগালি ও হুমকি দেয়। কিন্তু আমাদের সঙ্গে কোনও সম্পর্ক না থাকায় আমরা তা গায়ে মাখিনি। তবে আমার কে সর্বনাশ করলো জানি না।
সম্পর্কিত সংবাদ