Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় টাকা নেওয়ায় অভিযুক্ত কন্যাশ্রীর নোডাল শিক্ষককে সরাল স্কুল কর্তৃপক্ষ

ফরাক্কায় টাকা নেওয়ায় অভিযুক্ত কন্যাশ্রীর নোডাল শিক্ষককে সরাল স্কুল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: কন্যাশ্রী প্রকল্পের সমস্ত কাজের জন্য ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলের নোডাল শিক্ষককে সরিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, কন্যাশ্রী ফর্ম ফিলআপ, ট্রান্সফার সহ সমস্ত কাজের জন্যই শিবশঙ্কর সাউ নামে ওই শিক্ষক ছাত্রীদের কাছ থেকে টাকা নিতেন। ছাত্রী ও অভিভাবকরা আপত্তি করলেও তিনি কর্ণপাত করেননি। বিষয়টি নিয়ে অভিভাবকরা সোশ্যাল মিডিয়ায় সরব হন। ‘বর্তমান’ পত্রিকায় এনিয়ে খবর প্রকাশিত হয়। জেলা শিক্ষাদপ্তর কড়া নির্দেশ দিতেই স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
Advertisement
জঙ্গিপুরের সহকারী স্কুল পরিদর্শক সন্দীপ কোঁড়া বলেন, অভিযুক্তকে কন্যাশ্রীর নোডাল শিক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কন্যাশ্রীর জন্য কোনও টাকা নেওয়া বেআইনি। আগামী দিনে এরকম ঘটনা ঘটবে না বলে স্কুল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
অভিযুক্ত শিক্ষক বলেন, আমি কিছুদিন ধরে চিকিৎসার জন্য বাড়িতে আছি। এবিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। স্কুলে গেলে জানতে পারব।
অভিযোগ, ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে কন্যাশ্রীর ফর্ম ফিলআপ, ডাটা এন্ট্রি ও ট্রান্সফারের সমস্ত কাজের জন্য ছাত্রীদের কাছ থেকে ১০০-৫০০ টাকা নেওয়া হচ্ছিল। অভিযোগ উঠতেই শিবশঙ্কর সাউকে ওই দায়িত্ব থেকে সরানো হয়েছে। এখন থেকে তিনি ভোকেশনাল কম্পিউটার ক্লাস করাবেন। কন্যাশ্রী বিভাগে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের ইংরেজি শিক্ষক মইদুল ইসলামকে। তিনি বলেন, এই বিভাগ দেখার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কন্যাশ্রীর কাজ যথারীতি হচ্ছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহিমা খাতুন বলেন, স্কুল কর্তৃপক্ষ ওঁকে সরিয়ে দিয়ে ভালোই করেছে। একটা শিক্ষাপ্রতিষ্ঠানে বেআইনি কাজ চলতে পারে না। 
সম্পর্কিত সংবাদ