সংবাদদাতা, জঙ্গিপুর: ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ আগামী নতুন শিক্ষাবর্ষের বই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ফরাক্কার চান্দোর এমএসকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই প্রশাসনকে খবর দেয়। স্কুলের প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও ও ফরাক্কা থানার পুলিস। ঘটনাস্থল থেকে বইগুলি উদ্ধার করা হয়। বইগুলি ছাত্রছাত্রীদের বিতরণ না করে কেন বিক্রি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। এ প্রসঙ্গে ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণে বই উদ্ধার করে স্কুলে পাঠানো হয়। সেগুলি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষককে সতর্ক করে সুষ্ঠুভাবে স্কুল চালাতে একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে চান্দোর গ্রামে এক পুরনো বই ক্রয়কারী হকারের কাছে প্রচুর পরিমাণে নতুন বই দেখেন এলাকাবাসী। ওই হকার গ্রামবাসীদের জানায়, বইগুলি স্কুলের প্রধান শিক্ষকই তার কাছে প্রায় ১৮০০টাকায় বিক্রি করেছেন। তারপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ওই হকারকে আটকে রেখে পুলিসে খবর দেওয়া হয়।



