সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার বিকেলে ফরাক্কার বল্লালপুরে ১২ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই অটো উল্টে চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন(৩২)। বাড়ি ঝাড়খণ্ডে। অটোয় থাকা একই পরিবারের চারজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। ওইসময় জাতীয় সড়ক দিয়ে ফিরছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি জখমদের উদ্ধার করে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ওই চালককে মৃত বলে ঘোষণা করেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। বর্তমানে জখমদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।বিধায়ক বলেন, দলীয় কাজ সেরে ফেরার পথে আমার চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে। আমি তাঁদের গাড়িতে করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। একজনের মৃত্যু হয়েছে। জখমদের চিকিৎসা চলছে। চিকিৎসককে বলেছি ওঁদের যেন যথাযথ চিকিৎসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সামশেরগঞ্জের ধুলিয়ানে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসে ঝাড়খণ্ডের একটি পরিবার। অনুষ্ঠান শেষে এদিন বিকেলে অটোয় চেপে তারা বাড়ি ফিরছিল। বল্লালপুরের কাছে এক পথচারী রাস্তা পারাপারের সময় অটোর সামনে চলে আসে। পথচারীকে বাঁচাতে গিয়ে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। অটোয় এক শিশুকন্যা, এক মহিলা ও আরও দুই পুরুষ ছিলেন। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রচুর যানবাহন জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে। পুলিস ঘটনাস্থলে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
Advertisement
এদিকে, ইসলামপুরে বাসের ধাক্কায় জখম হয়েছেন এক বাইক আরোহী। তাঁর বাড়ি ইসলামপুরের চকদিয়ারপাড়ায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের তেনাচূড়া মোড়ে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি বাস ইসলামপুরের দিক থেকে ডোমকলের দিকে যাচ্ছিল। ওই সময় উল্টোদিক থেকে একটি বাইক আসছিল। তেনাচূড়া মোড়ের কাছে আসতেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। বাসের সঙ্গে ধাক্কায় বাইকটি রাস্তায় ছিটকে পড়ে। জখম হন বাইক আরোহী।



