Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় মণ্ডল সভাপতিকে সরানোর দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ

ফরাক্কায় মণ্ডল সভাপতিকে সরানোর দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: মণ্ডল সভাপতির নাম ঘোষণার পর ফরাক্কায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপির ফরাক্কা মণ্ডল-১ সভাপতি স্বপন ঘোষকে  পুনরায় ওই পদে নির্বাচিত করার প্রতিবাদে বিক্ষোভ দেখায় দলেরই কর্মী-সমর্থকরা। তাঁকে সরিয়ে যোগ্য সভাপতি নিয়োগের দাবি তুলেছেন তাঁরা। রবিবার বিকেলে ফরাক্কার-২ নম্বর রেল কলোনির পার্টি অফিসের সামনে বিক্ষোভ চলে। দলে যোগ্য নেতা থাকা সত্ত্বেও মোটা টাকার বিনিময়েই একজন অযোগ্যকে এই পদে পুনরায় বসানো হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীদের একাংশ। যদিও কর্মীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। দলের নিয়ম মেনেই সমস্ত কিছু হয়েছে বলে পাল্টা দাবি করেছেন মণ্ডল-১ সভাপতি। স্বপন ঘোষ বলেন, দেড় বছর আগে আমাকে মণ্ডল-১ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এবার আবারও দল আমার কাজের পারফরম্যান্স দেখেই পদে বসিয়েছে। দলে আমি কোনও অনৈতিক কাজ করতে দেবো না। তাতে যদি কারও আঁতে ঘা লাগে আমার কিছু করার নেই। টাকার বিনিময়ে পদ বিজেপিতে হয় না। বেওয়া-১ ও ২, বাহাদুরপুর অঞ্চল ও ফরাক্কা টাউন নিয়ে গঠিত হয় মণ্ডল-১। যার সভাপতি হিসেবে পুনরায় স্বপন ঘোষকে নির্বাচিত করা হয়েছে। তারপরই বিজেপি কর্মী-সমর্থকরা দলে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন। এদিন প্রায় ৫০ জন কর্মী-সমর্থক কলোনির স্বর্গীয় অটল ভবনের সামনে জমায়েত হন। তারপর বিজেপি জেলা নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন। দলীয় অফিসের সামনে বিক্ষোভ ও দেখান তাঁরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ