Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় গঙ্গার ঘাট থেকে বিএসএফের ২০ জন মহিলা প্রতিযোগীর যাত্রা শুরু

ফরাক্কায় গঙ্গার ঘাট থেকে বিএসএফের ২০ জন মহিলা প্রতিযোগীর যাত্রা শুরু
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সকালে ফরাক্কার গঙ্গাঘাট থেকে র‌্যাফটিং এ অংশগ্রহণকারী বিএসএফের ২০ জন মহিলা প্রতিযোগী যাত্রা শুরু করেন। এই অনুষ্ঠানকে ঘিরে ফরাক্কায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। গঙ্গাকে পরিষ্কার রাখার বার্তা দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন। প্রয়াগের উত্তরাখণ্ডে গত ২নভেম্বর এই প্রতিযোগিতার শুরু হয়। বিএসএফের ২০ জন মহিলা কর্মী ৫৩ দিন ধরে গঙ্গাবক্ষে ২৫০০ কিমি জলপথ পরিক্রমা করবেন। আগামী ২৪ ডিসেম্বর গঙ্গাসাগরে এই যাত্রার সমাপ্তি ঘটবে।
Advertisement
বিএসএফের ডিআইজি তরুণকুমার গৌতম বলেন, এই কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণ বাড়তি মাত্রা দিয়েছে। ২০২৪ সাল মহিলা স্বশক্তিকরণের সঙ্গে বিশেষ ভাবে যুক্ত। এই অভিযানের আয়োজন সেদিকে লক্ষ্য রেখেই। সাধারণ মানুষের মধ্যে নির্মল ও অবিরল গঙ্গার প্রতি সচেতনতার বার্তা দেওয়া অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই অভিযানের জন্য ৩৭ জন মহিলা প্রহরীকে বাছাই করা হয়েছিল। প্রশিক্ষণ দেওয়ার পর ২০ জনকে বেছে নেওয়া হয়েছে। ১৬ জন যাত্রা পথে থাকছেন। ৪ জন র‌্যাফটারকে রিজার্ভ রাখা হচ্ছে।
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা মিনা। তিনি বলেন, গঙ্গাকে বিশুদ্ধকরণের বার্তা ছড়িয়ে দিতেই এই যাত্রা। আমাদের লক্ষ্য সমৃদ্ধ রাষ্ট্র, সুরক্ষিত গঙ্গা ও জীবন বরদান। এই যাত্রা অত্যন্ত রোমাঞ্চকর হলেও পথে প্রচুর বাধারও সম্মুখীন হয়েছি। প্রথমত শীতের সময়। জলের উপর ৫৩ দিন ধরে চলা। কোথাও কোথাও গঙ্গার তীব্র স্রোতের মুখে পড়ে নৌকো উল্টেছে। গঙ্গায় প্রচুর সংখ্যায় ঘড়িয়াল ও শুশুক রয়েছে। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় এই দলটি ফরাক্কায় এসে পৌঁছান। বিএসএফের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এদিন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়া অনুকুল না থাকায় তিনি আসতে পারেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ