সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার সকালে ফরাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধারে শতাধিক আধার কার্ড পড়ে থাকার ঘটনার চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে। ঘটনাস্থলে এসে অনেকেই তাঁদের আধার কার্ড সেখান থেকে পান। তাতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতগুলি আধার কার্ড কীভাবে গঙ্গার ধারে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিস এসে কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কার গাফিলতিতে সাধারণ মানুষের আধার কার্ড বিলি না করে তা ফেলে দেওয়া হয়েছে, তার তদন্তের দাবি জানান বাসিন্দারা।
Advertisement
ফরাক্কার বেনিয়াগ্রামের বাসিন্দা আকাশ দাস বলেন, এক বন্ধুকে বিষয়টি ফোনে জানাই। এসে দেখি, আমারও আধার কার্ড পড়ে রয়েছে। আমি কয়েক মাস ধরে আধার কার্ডের জন্য পোস্ট অফিসে ঘুরছি। এটা কীভাবে হল, তা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক পুলিস।ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, বিষয় যতদূর জেনেছি আধার কার্ড বহু পুরনো। অনেকসময় প্রয়োজনে মানুষ একাধিক আধার কার্ড ডাউনলোড করে থাকে। কার্ডগুলি নতুন বলে মনে হচ্ছে না।



