Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় দ্বিতীয় সেতু তৈরি শেষের পথে, আগামী বছরের মাঝামাঝি উদ্বোধনের সম্ভাবনা

ফরাক্কায় দ্বিতীয় সেতু তৈরি শেষের পথে, আগামী বছরের মাঝামাঝি উদ্বোধনের সম্ভাবনা
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফরাক্কা ব্যারেজের পাশে গঙ্গার উপর দ্বিতীয় ব্রিজের কাজ শেষ পর্যায়ে। নতুন এই সেতু সংযুক্ত করবে দুই বঙ্গকে। শুধু ব্যারেজ হিসেবেই থাকবে পুরনো সেতু। তার উপর দিয়ে ভারী যান চলাচল করতে আর দেওয়া হবে না। বর্তমানে ব্যারেজের উপর সঙ্কীর্ণ রাস্তাই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ রক্ষা করছে। নির্মীয়মাণ দ্বিতীয় সেতুর কাজ একদম শেষ। পরীক্ষা নিরীক্ষা চলছে বলেই জানা গিয়েছে। পরীক্ষা চলাকালীন টেকনিক্যাল কিছু সমস্যা থাকায় ব্রিজের কাজ শেষ বলে ঘোষণা করেনি নির্মাতা সংস্থা। তবে আগামী বছরের মাঝামাঝি এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, দ্বিতীয় সেতুর কাজ অনেকটাই এগিয়েছে। খুব তাড়াতাড়ি এটি চালু হবে বলে আশা করছি। মূলত ফরাক্কা ব্যারেজের উপর চাপ কমাতে ও যান চলাচল দ্রুত করতে এই নতুন ব্রিজ গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া ব্যারেজের বয়স বাড়ছে। ভারবহন ক্ষমতা ধীরে ধীরে কমছে। প্রবল চাপের ফলে লক গেটেরও ক্ষতি হচ্ছে বলে সমীক্ষায় বারবার উঠে এসেছে। এই সব কারণে পুরনো ব্রিজটির এক্সটেনশন করাও সম্ভব হয়নি। সবদিক বিবেচনা করেই ২০১৭ সালে ফরাক্কার উপর নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়। 
Advertisement
ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ব্রিজের ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে একটা টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে বলে জেনেছি। সেটারই কাজ চলছে। আগামী বছর জানুয়ারিতে ব্রিজ চালু হওয়ার কথা ছিল। কিন্তু ত্রুটি ধরা পড়ায় উদ্বোধনের ডেট কিছুটা পেছতে পারে।
এছাড়া তৈরি হবে দ্বিতীয় রেল সেতুও। বর্তমান ফরাক্কা সেতুর পাশে যে রেল সেতু রয়েছে তার উপর প্রচণ্ড চাপ পড়ছে। তার ফলেই দ্বিতীয় রেল সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সহজ হবে সড়ক ও রেল যোগাযোগ। 
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয়েছিল ফরাক্কায় দ্বিতীয় সেতু তৈরি। টার্গেট ছিল ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করার। এরই মধ্যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক ইঞ্জিনিয়ার সহ দু’ জনের। এই দুর্ঘটনা এবং করোনা পরিস্থিতির জন্য প্রায় ১৫ মাস ধরে বন্ধ ছিল সেতু তৈরির কাজ। তারপর ফের শুরু হয় কাজ। ২০২৫ সালের মধ্যেই দ্বিতীয় ফরাক্কা সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কাজ। তারপরেই এই সেতুর পাশে রেল সেতুর নির্মাণ শুরু হবে বলেই জানা গিয়েছে। 
ফরাক্কার স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, বিকল্প ফরাক্কা সেতুর প্রয়োজনীয়তা আছে। এই সেতুর কাজ চলছে। দ্বিতীয় রেল সেতু হলে প্রথম সেতুর উপর চাপ কমে যাবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সড়কপথে যানজট কমবে।
সম্পর্কিত সংবাদ