Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফেরিঘাটে যেমন ইচ্ছে টাকা আদায় করছেন ইজারাদাররা

ফেরিঘাটে যেমন ইচ্ছে টাকা আদায় করছেন ইজারাদাররা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির বিভিন্ন ফেরিঘাট আছে। সেই ফেরিঘাটে টাঙানো নেই ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ, তাই যে যেমন পারছেন, ভাড়া নিচ্ছেন। পঞ্চায়েত সমিতির নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ উঠছে। এই নিয়ে যাত্রীদের সঙ্গে মাঝে মাঝে ইজারাদারদের বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হচ্ছে। যাত্রীদের দাবি, অবিলম্বে পঞ্চায়েত সমিতির ফেরিঘাটে ভাড়ার তালিকা ঝোলাতে হবে। প্রশাসন বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির অধীনে চাঁদের ঘাট, কুলগাছি ঘাট, হাঁসপুকুরিয়া ঘাট, কৃষ্ণচন্দ্রপুর ঘাট, ঈশ্বরচন্দ্রপুর ঘাট সহ আরও বেশ কয়েকটি ঘাট। এই সব ফেরিঘাটের ডাক হয় তেহট্ট-১ ব্লক থেকে। নিলামের সময় বেশ কিছু শর্ত মেনে ইজারাদারদের এই নিলামে অংশ নিতে হয়। সেই শর্তের অন্যতম হল, পঞ্চায়েত সমিতির ঠিক করে দেওয়া ভাড়া নেওয়া। ঠিক এই শর্ত ইজারদাররা মানছেন না বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগ, বাইকে একজন আরোহী থাকলে আট টাকা নেওয়ার কথা, সেখানে এঁরা নিচ্ছেন দশ টাকা। একজনের হেঁটে পার হলে নেওয়ার কথা সেখানে নিচ্ছে এক টাকা বেশি। এই বেশি ভাড়া নেওয়ার জন্য প্রায় দিন যাত্রীদের সঙ্গে ইজারাদারদের ঝামেলা বাধছে। প্রতিদিন এই সব ফেরিঘাট দিয়ে যাতায়াত করে এমন কয়েকজন যাত্রী বলেন, আমাদের বেশি ভাড়া দিতে কোনও আপত্তি নেই। সেই ভাড়া যদি পঞ্চায়েত সমিতির নির্দিষ্ট ভাড়া থাকে। সেই সঙ্গে সেই নির্দিষ্ট ভাড়ার তালিকা ফেরিঘাটে সকলে যাতে দেখতে পান, সেইভাবে প্রকাশ্যে টাঙাতে হবে। আমরা এই বেশি ভাড়া আদায় নিয়ে মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন থেকে ভাড়ার তালিকা ইজারদারদের দিলেও তাঁরা অনৈতিকভাবে বেশি ভাড়া নেওয়ার জন্য তালিকা ঝুলিয়ে রাখেননি। এই বিষয়ে বিভিন্ন ঘাটের ইজারাদারদের কাছে জানতে চাইলে তাঁরা কোনও কথা বলতে চাননি। 
এই বিষয়ে তেহট্ট-১ ব্লকের বিডিও সঞ্জীব সেন বলেন, নির্দিষ্ট ভাড়ার তালিকা সব ঘাটে দেওয়া আছে। বারবার এই ভাড়ার তালিকা তাঁদের ঝোলাতে বলা হয়েছে। যদি কেউ তা না ঝুলিয়ে বেশি ভাড়া নেন বা পরিষেবা ঠিকভাবে না দিতে পারেন, তবে আগামী নিলামে তাঁদের ডাকার অধিকার হারাবেন। 
সম্পর্কিত সংবাদ