Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফের সিগনাল বিভ্রাট, দাঁড়িয়ে থাকা মালগাড়িকে  পিছন থেকে ধাক্কা

ফের সিগনাল বিভ্রাট, দাঁড়িয়ে থাকা মালগাড়িকে  পিছন থেকে ধাক্কা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফতেপুর (উত্তরপ্রদেশ): আবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফতেপুর। মঙ্গলবার ভোরে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে অন্য একটি মালগাড়ি। ঘটনায় চলন্ত মালগাড়ির একটি ইঞ্জিন ও দাঁড়িয়ে থাকা মালগাড়ির গার্ড ভ্যান বেলাইন হয়ে গিয়ে পাশের জমিতে গিয়ে পড়ে। রেল সূত্রে কারও কেউ আহত হয়নি বলে জানানো হলেও একটি সূত্রে খবর, মালগাড়ির চালক ও সহচালক জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেল জানিয়েছে, এদিন সুজাতপুর ও রুসালাবাদ স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। একটি মালগাড়ি সিগনালের জন্য আগে থেকেই দাঁড়িয়েছিল। সেই সময় অন্য মালগাড়িটি এসে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় খাগা থানার পুলিস। শুরু হয় উদ্ধার অভিযান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্বিতীয় মালগাড়ির চালক সম্ভবত লাল সিগনাল উপেক্ষা করেই এগিয়ে গিয়েছিলেন। রেলের আধিকারিকরা তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছেন। এই দুর্ঘটনার পর একাধিক ট্রেন বাতিল করতে হয়। বেশ কিছু ট্রেন দেরিতেও চলাচল করেছে। উল্লেখ্য, গত বছরেই শিলিগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মেরেছিল একটি মালগাড়ি। প্রাণ যায় বেশ কয়েকজনের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ