Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের ফুটপাত দখল করে ব্যবসা কালিয়াগঞ্জ শহরে, বাড়ছে ক্ষোভ

ফের ফুটপাত দখল করে ব্যবসা কালিয়াগঞ্জ শহরে, বাড়ছে ক্ষোভ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: মাত্র চারমাস আগেই কালিয়াগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। ফের শহরের ফুটপাত জবরদখল শুরু হয়েছে।  কালিয়াগঞ্জ শহরে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের দু’পাশে নিকাশিনালা সহ রাস্তার একাংশ দখল করে ব্যবসা চলছে বলে অভিযোগ।
Advertisement
কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে বয়রা কালীবাড়ি পর্যন্ত কোথাও দোকানের জিনিসপত্র রেখে, কোথাও আবার কাঠামো তৈরি করে চলছে ব্যবসা। ফলে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তার ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 
এলাকার বাসিন্দা সুজন হালদার বলেন, এই রাস্তা সারাদিন ব্যস্ত থাকে। ফুটপাত ব্যবসায়ীরা দখল করে রেখেছে। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন,ফুটপাত দখল মুক্ত করতে স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা চলছে।
পুজোর আগেই ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছিল প্রশাসন। দখলমুক্তও করা হয়। কিন্তু ফের ফুটপাত দখল হয়ে যাচ্ছে। বৈদ্যুতির সরঞ্জাম ব্যবসায়ী কৌশল দেবশর্মা বলেন, দোকানের সামনে সামগ্রী সাজিয়ে না রাখলে গ্রাহক আসে না। প্রশাসন নিয়ম করলে অবশ্যই মানা হবে। 
শহরের প্রাণকেন্দ্রে ফুটপাত দখল করে ব্যবসা চললেও প্রশাসন নীরব কেন, প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ফুটপাত দখলমুক্ত করতে পুরসভা সাহায্য চাইলে পুলিস দেওয়া হবে। এর আগেও পুরসভার সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছিল। 
কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান বলেন, ফুটপাত সুরক্ষিত রাখতে দু’পাশে রেলিং দেওয়া হবে। রেলিং দেওয়া হলে আর ব্যবসায়ীরা ফুটপাথ দখল করতে পারবে না। এতে  শহরের সৌন্দর্যায়নও বাড়বে।
সম্পর্কিত সংবাদ