Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের মুর্শিদাবাদে বিদেশি পর্যটক দল, আনন্দিত পর্যটন ব্যবসায়ীরা

ফের মুর্শিদাবাদে বিদেশি পর্যটক দল, আনন্দিত পর্যটন ব্যবসায়ীরা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: পর্যটন মরশুম শুরু হতে এখনও মাস দেড়েক বাকি। তার আগেই মুর্শিদাবাদে আসতে শুরু করেছে বিদেশি পর্যটক দল। গত ২০ অক্টোবর এমনই এক বিদেশি পর্যটক দলের ১৯ সদস্য মুর্শিদাবাদে এসেছিল। ওই দলের সকলেই বেলজিয়ামের নাগরিক। তার ঠিক ১৫ দিনের মাথায় ফের একেটি বিদেশি পর্যটক দল মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখল। ৪১ সদস্যের এই দলটি কলকাতা থেকে জলপথে সোমবার রাতে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম সংলগ্ন নিউ প্যালেস ভাগীরথীর ঘাটে এসে পৌঁছয়। মঙ্গলবার সকালে দলটি কাঠগোলাপ বাগান, হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে। ওইদিন বিকেলে বিদেশি পর্যটক দলটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। শীতের আগেই দর্শনীয় স্থানগুলিতে বিদেশি পর্যটক দলের আনাগোনা শুরু হওয়ায় খুশির হাওয়া পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে। এবারে শীতের মরশুমজুড়ে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও দেখা মিলবে, এই আশায় বুক বাঁধতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ী, গাইড, টাঙাচালক সহ পর্যটদ ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন পেশার মানুষ। 
Advertisement
ইতিহাসের শহর মুর্শিদাবাদে রয়েছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, কাঠগোলাপ বাগান, ওয়াসিফ মঞ্জিল সহ বিভিন্ন স্থাপত্য নিদর্শন। এইগুলির আকর্ষণেই দেশ-বিদেশের পর্যটকরা মুর্শিদাবাদ ঘুরতে আসেন। ২৫ ডিসেম্বর থেকে গোটা ফেব্রুয়ারি মাস মুর্শিদাবাদের পর্যটনে ভরা মরশুম। ওই সময়ে দর্শনীয় স্থানগুলিতে পর্যটকের ঢল নামে। চলতি বছরে শীতের ভরা মরশুম শুরুর আগেই দেশ-বিদেশের পর্যটকদের আনাগোনায় স্পষ্ট মুর্শিদাবাদের পর্যটনে সুদিন ফিরছে। গাইড সঞ্জয় দাস বলেন, গতবার শীতের মরশুমে বেশ কয়েকটি বিদেশি পর্যটক দল এসেছিল। এবার শীতের মরশুম শুরুর আগেই দু’টি দল ঘুরে গেল। আশা করছি শীতের মরশুমে আরও বেশ কয়েকটি বিদেশি পর্যটক দল আসবে। পর্যটক দলের সদস্য কানাডার নাগরিক জর্জ পিটারসন বলেন, মুর্শিদাবাদে প্রথমবার এলাম। বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পটে গিয়েছিলাম। তবে হাজারদুয়ারি আমাদের বিস্মিত করেছে। মুর্শিদাবাদ সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ঠান্ডার আমেজ পড়তেই যেভাবে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরা আসছেন তাতে গোটা শীতের মরশুম পর্যটকের ভিড়ে মুর্শিদাবাদ সরগরম থাকবে বলেই আশা করা যায়। 
সম্পর্কিত সংবাদ