Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের মহানন্দা সেতুতে বেশকিছু পথবাতি বন্ধ, সমস্যায় বাসিন্দারা

ফের মহানন্দা সেতুতে বেশকিছু পথবাতি বন্ধ, সমস্যায় বাসিন্দারা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: ফের পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির মহানন্দা সেতুর একাংশে পথবাতিগুলি জ্বলছে না। এর ফলে ওই শহরের বুলবুলচণ্ডী মোড় থেকে ইংলিশবাজারমুখী রাস্তা অন্ধকারে ঢেকে যাচ্ছে। মহানন্দা সেতুর পথবাতিগুলি কে জ্বালাবে? এনিয়ে স্থানীয় পুরসভা এবং পূর্তদপ্তরের মধ্যে কার্যত দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পথবাতিগুলি পূর্তদপ্তর দেখে। পূর্তদপ্তর পুরসভার কোর্টে বল ঠেলেছে। এতে বিরক্ত সাধারণ মানুষ। দায় এড়াএড়িতে গুরুত্বপূর্ণ সেতুর একাংশ অন্ধকারে ঢেকে থাকছে। 
Advertisement
এদিকে পথবাতি না জ্বলায় পথচলতি সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। সেতুর বাতি না জ্বলায় জেলা প্রশাসনের উদাসীনতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই সেতুর পথবাতিগুলি বন্ধ হয়ে থাকে। দুর্গাপুজোর সময়ও এমনটা হয়েছিল। বেশ কিছুদিন ধরে ফের  পথবাতিগুলি জ্বলছে না। 
স্থানীয়রা বলছেন,ওই সেতু উত্তরবঙ্গের লাইফলাইন। এই সেতু দিয়ে দিনরাত শয়ে শয়ে গাড়ি চলে। স্থানীয়রাও বাইক, সাইকেলে এই সেতুর উপর দিয়ে গন্তব্যে যান। দিনে সমস্যা না হলেও রাতে চলাচলে সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। 
মঙ্গলবাড়ির বাসিন্দা পলাশ সেন বলছেন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। আবারও সেতুর কিছু পথবাতি বন্ধ রয়েছে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, ওই রাস্তা আগে জাতীয় সড়কের অধীনে ছিল। এখন পূর্তদপ্তরের অধীনে রয়েছে। পথবাতিগুলি জ্বলছে কি না, এটা দেখার দায়িত্ব তাদের।  পূর্তদপ্তরের মালদহের আধিকারিক অসিতকুমার সাহা বলেন, পথবাতির বিষয়টা পুরসভা দেখে। 
সম্পর্কিত সংবাদ