সংবাদদাতা, ডোমকল: সাগরপাড়ার কংগ্রেসের কর্মী সম্মেলনে ফের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির দাবি জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সাগরপাড়ার নরসিংহপুরের একটি মাঠে ওই সম্মেলন হয়। সেখানে জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে অধীরবাবু বলেন, তেল, লঙ্কা, ফলমূল-বাজারে সমস্ত কিছুর দাম বাড়ছে। কিন্তু, মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে না কেন? পশ্চিমবঙ্গ সরকারের এমএলএদের, মন্ত্রীদের মাইনে বাড়ছে, কিন্তু মা-বোনেদের কেন টাকা বাড়ানো হচ্ছে না? কেন হাজার-বারোশোই? আমরা দাবি করেছি, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার আড়াই হাজার টাকা করে দিতে হবে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে দিচ্ছে। তাহলে আমাদের রাজ্য কেন পারবে না? ঝাড়খণ্ড আমাদের থেকে গরিব। ঠিক একইভাবে আমরা দাবি করেছি, আবাস যোজনায় অন্তত চার লক্ষ টাকা দেওয়া হোক। যে ১ লক্ষ ২০ হাজার দেওয়া হয়, তাতে ঘুষ দিতে হয়। তাই আবাস যোজনার টাকার পরিমাণ বাড়ানো হোক। ভারতের সব রাজ্যে এই প্রকল্প চালু আছে সেখানে এই টাকার পরিমাণ অনেক বেশি।



