সংবাদদাতা, কাটোয়া: কোলে ছোট শিশু। পরনে ময়লা শাড়ি। শরীরে ট্যাটু। আলুথালু অবস্থা দেখে তাদের ভিখারি বলেই মনে হবে। এমন ছদ্মবেশের আড়ালে গৃহস্থের বাড়ি ঢুকে সোনাদানা, টাকা চুরি করে নিচ্ছে বানজারা গ্যাংয়ের মহিলারা। কাটোয়ায় আবার হানা দিল বানজারা গ্যাং। বৃহস্পতিবার গ্যাংয়ের দুই মহিলা সহ তিনজনকে পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সমীর সিং, লাভলি সিং ও জোগেদা সিং। তারা দাঁইহাট স্টেশন সংলগ্ন মাঠে ঘাঁটি গেড়েছিল। এদের আসল বাড়ি মেদিনীপুর কোতোয়ালি থানার তাঁতিগেড়িয়ায়। এদিন ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাদের তিনজনকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
Advertisement
বানজারা গ্যাংয়ের হানায় কার্যত ঘুম উবেছে সবার। এরা বিভিন্ন এলাকায় ডেরা বাঁধে। আর ঘনঘন ডেরা পাল্টায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বুধবার দুপুরে কাটোয়ার খাসপুর গ্রামের রাখি মুখোপাধ্যায়ের বাড়িতে ঢোকে। তাদের মধ্যে এক মহিলার কোলে ছোট শিশু ছিল। ভিক্ষুকের ছদ্মবেশে তিনজনের গ্যাংটি বাড়িতে ঢোকে। তারপরেই তারা বেশকিছু সোনার গয়না ও নগদ দেড় হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাখিদেবী বাড়িতে ঢুকে ওদের দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাকেন। তিনজনকেই আটকে রেখে কাটোয়া থানার পুলিসে খবর দেওয়া হয়। পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া একজোড়া সোনার পলা, ১টি রুপোর ব্রেসলেট ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার হয়।
প্রসঙ্গত, জানুয়ারি মাসেও অন্য একটি বানজারা গ্যাং একই কায়দায় কাটোয়া থানার মেঝিয়ারি ও মঙ্গলকোট থানা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ে। গ্যাংয়ের মহিলারা শিশু কোলে গৃহস্থের বাড়ি ঢুকে চুরি করে। আর ধরতে গেলেই, কোলের শিশুকে দেখিয়ে সহানুভূতি আদায় করে পালায়।
প্রসঙ্গত, জানুয়ারি মাসেও অন্য একটি বানজারা গ্যাং একই কায়দায় কাটোয়া থানার মেঝিয়ারি ও মঙ্গলকোট থানা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ে। গ্যাংয়ের মহিলারা শিশু কোলে গৃহস্থের বাড়ি ঢুকে চুরি করে। আর ধরতে গেলেই, কোলের শিশুকে দেখিয়ে সহানুভূতি আদায় করে পালায়।



