সংবাদদাতা, মেদিনীপুর: অবশেষে খড়্গপুরের কারখানার সমস্যা মিটল। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় শহরে নিমপুরার কারখানায় বুধবার থেকে কাজ শুরু হল। খড়্গপুরের উপ শ্রম আধিকারিক তাপস দত্ত বলেন, মঙ্গলবার রাতে মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে বৈঠক হয়। সেই আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় সমস্যা মিটে যায়। প্রসঙ্গত, সরকার নির্ধারিত ন্যুনতম মজুরী, কাজ থেকে বসিয়ে দেওয়া চার শ্রমিককে কাজে নিয়োগ সহ বেশ কিছু দাবিতে গত ১৪ ডিসেম্বর থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। প্রায় পাঁচ শতাধিক স্থায়ী, অস্থায়ী, ঠিকা শ্রমিক আন্দোলনে সামিল হয়। ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রথমে উপ শ্রম আধিকারিক সমস্যা সমাধানে বৈঠক করেন। সেখানে সমাধান সূত্র না মেলায় কলকাতায় বিশেষ শ্রম আধিকারিক বৈঠক ডাকেন। সেই বৈঠকেও সমাধান সূত্র অধরা থেকে যায়। অভিযোগ মালিকপক্ষ চার শ্রমিককে কাজে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে দীর্ঘসূত্রতা দেখায়। শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকে। অবশেষে মঙ্গলবার পুনরায় খড়্গপুরে উপ শ্রম আধিকারিকের অফিসে বৈঠক হয়। তাপসবাবু বলেন, মালিকপক্ষ ওই চার শ্রমিককে জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রমিকরাও একমত হন। সেইমতো চুক্তিও হয়েছে। এরপরই এদিন সকালে কারখানার কাজ শুরু হয়।



