Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের খুলল জানাপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বস্তি

ফের খুলল জানাপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বস্তি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অচলাবস্থা কাটিয়ে ফের খুলল আরামবাগের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার থেকে স্বাভাবিক হয় পূর্ব কেশবপুরের জানাপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে অচলাবস্থা তৈরি হয় জানাপাড়ার আইসিডিএস কেন্দ্রে। অভিভাবকরা কেন্দ্রের দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখান। সোমবার সেখানে রান্না হয়নি। অভিভাবকরা সিডিপিও অফিসে এসে অভিযোগ জানান। প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দেয়। সেইমতো এদিন মঙ্গলবার পূর্ব কেশবপুরের জানাপাড়ায় ওই কেন্দ্রে যান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, নারী, শিশু ও সমাজ কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষ, সিডিপিও সায়ন্তন জোয়ারদার প্রমুখ। 
Advertisement
তাঁরা সেখানে অভিভাবকদের পরিষেবা নিয়ে আস্বস্ত করেন। এমনকী সপ্তাহে তিন দিন কেন্দ্রে কর্মীর যাওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দেন। সিডিপিও বলেন, এদিন ওই কেন্দ্রের সমস্যা মিটে গিয়েছে। ওই কেন্দ্রের কর্মী সপ্তাহে তিনদিন যাবেন। বাকি খাওয়ানোর পরিষেবা স্বাভাবিক রয়েছে। কর্মী নিয়োগের ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, সংবাদ মাধ্যমে ঘটনার কথা শুনে এদিন আমরা সব স্তরের জন্যপ্রতিনিধিদের নিয়ে এসেছি। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি রেয়াত করা হবে। আপাতত এখানে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। উল্লেখ্য, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অন্য একটি সেন্টারের সঙ্গে যুগ্ম দায়িত্বে রয়েছেন। ফলে সপ্তাহে তিনদিন করে দু’টি কেন্দ্রে তাঁর যাওয়ার কথা। কিন্তু অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনিয়মিত খোলা হয়। তার জেরে পঠন পাঠন সহ খাবার নিয়ে সমস্যা হচ্ছে। জানা গিয়েছে, আরামবাগ ব্লকে এমন একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। যেখানে একজন কর্মী একসঙ্গে দু’টি সেন্টারের দায়িত্বে রয়েছেন। ফলে সেখানে নানা সমস্যা হচ্ছে। অভিভাবকরা কেন্দ্রগুলিতে দ্রুত কর্মী ও সহায়িকা পদে নিয়োগের দাবিতে সরব হয়েছেন।
সম্পর্কিত সংবাদ