‘সিকান্দার’ ছবিতে সলমন খান ও রশ্মিকা মন্দানার জুটি দেখার অপেক্ষায় দর্শক। এই ছবিতে প্রথমবার তাঁদের জুটিতে দেখা যাবে। মুক্তির আগেই এই জুটির অনুরাগীদের জন্য সুখবর। ‘সিকান্দার’-এর পর আরও একটি ছবিতে দেখা যাবে তাঁদের। সলমন ও রশ্মিকাকে জুটি হিসেবে ভেবে ফেলেছেন অ্যাটলি। সূত্রের খবর, অ্যাটলির ছবিতে ইতিমধ্যেই সই করেছেন নায়িকা। ‘পুষ্পা ২’-এ তাঁর পারফরম্যান্স সলমন এবং অ্যাটলি— দু’জনেরই ভালো লেগেছিল। তারপরই তাঁকে এই ছবির জন্য নির্বাচন করা হয়। অ্যাটলি আগেই জানিয়েছেন, এই ছবির কাস্টিংয়ে তিনি বড় চমক দেবেন। বলিউডের নতুন জুটি যদি সলমন এবং রশ্মিকাকে নিয়ে তিনি তৈরি করতে পারেন, তা বড় চমকই বটে। সব কিছু ঠিক থাকলে আর কিছুদিনের মধ্যেই রশ্মিকার নাম প্রকাশ্যে ঘোষণা করবেন নির্মাতারা।



