‘আশিকি ২’, ‘ওকে জানু’ ছবিতে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের রসায়ন পর্দায় দেখেছিলেন দর্শক। নানা মহলে তা প্রশংসিত হয়। ফের নাকি জুটি বাঁধছেন তাঁরা। বলি পাড়ার ইঙ্গিত তেমনই। ‘এক ভিলেন’ খ্যাত পরিচালক মোহিত সুরির হাত ধরেই বড়পর্দায় আবার কাজ করবেন আদিত্য ও শ্রদ্ধা। রোমান্টিক ঘরানার এই ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। শোনা যাচ্ছে, দুই তারকাই ছবিটি করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এখনও পর্যন্ত চুক্তি সই করা হয়নি। সেটি হয়ে গেলেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসবে। তারপর শুরু হবে শ্যুটিং। ‘স্ত্রী ২’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল শ্রদ্ধাকে। রাজকুমার রাও অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর ‘ওয়ার ২’-তে হৃতিক ও জুনিয়র এনটিআরের সঙ্গে একটি গানেও শ্রদ্ধাকে দেখা যেতে পারে বলে চর্চা চলছে বলি পাড়ায়।



