Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের দার্জিলিংয়ের পারদ নেমে ১ ডিগ্রি সেন্টিগ্রেড

ফের দার্জিলিংয়ের পারদ নেমে ১ ডিগ্রি সেন্টিগ্রেড
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: ফের পারদ পতন দার্জিলিং পাহাড়ে। শনিবার দার্জিলিংয়ের পাহাড়ের তাপমাত্রা নেমে দাঁড়ায় ১ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে, দিনের অধিকাংশ সময় রোদ ঝলমলে ছিল উত্তরবঙ্গের সমতল ভাগ। সর্বত্র ছিল মনোরম আবহাওয়া। তবে সন্ধ্যার পর বেশকিছু জায়গায় ঠান্ডার দাপট বাড়ে। কিছু জায়গা কুয়াশার চাদরে ঢেকে যায়।
Advertisement
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমীঝঞ্ঝার জেরে পাহাড়ের উঁচু উপত্যকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এজন্যই দার্জিলিংয়ের তাপমাত্রা কিছুটা কমেছে।
এদিন সকালে দার্জিলিং পাহাড় ছিল কুয়াশার চাদরে ঢাকা। সূর্য ওঠার পর পরিস্থিতি কিছুটা পাল্টে যায়। দিনভর সেখানে রোদ ঝলমলে আবহাওয়া ছিল। এদিন শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাও ছিল রোদ ঝলমলে। সন্ধ্যার পর সংশ্লিষ্ট জায়গাগুলিতে শীতের কামড় বাড়ে। সঙ্গে ছিল কনকনে ঠান্ডা হাওয়া। শিলিগুড়ি মহকুমার কিছু এলাকা কুয়াশার চাদরে ঢেকে যায়।
কয়েক দিন ধরেই দার্জিলিং পাহাড় সমতলের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊধ্বমুখী ছিল। এদিন তা আবার নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দার্জিলিং পাহাড়ে সেন্ট জোসেফ কলেজ ও রাজভবন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৪.৫ এবং ১.০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ১০, কোচবিহারে ১০.৫, জলপাইগুড়িতে ১২.২ এবং শিলিগুড়িতে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।    
সম্পর্কিত সংবাদ