Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের বইছে উত্তুরে হাওয়া, আজ থেকে বাড়বে ঠান্ডা

ফের বইছে উত্তুরে হাওয়া, আজ থেকে বাড়বে ঠান্ডা
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার ধাক্কায় উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ায় গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমেছে। তবে আজ, বৃহস্পতিবার থেকে অবস্থার পরিবর্তন হবে। উত্তুরে হাওয়া ফের সক্রিয় হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর ফলে আজ সর্বনিম্ন তাপমাত্রা কমবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায়ও শীতের তীব্রতা বাড়বে। উত্তুরে হাওয়া যে জোরালো হয়েছে, বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা টের পাওয়া গিয়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে ২২.২ ডিগ্রিতে নেমে আসে, যা এই সময়ের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি কম। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা (১৬ ডিগ্রি) অবশ্য স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি ছিল। 
Advertisement
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের এই আমেজ খুব বেশি দিন স্থায়ী হবে না। শনিবারের পর তাপমাত্রা ফের বাড়বে। কারণ, কয়েকদিনের মধ্যে পশ্চিম হিমালয় এলাকায় ফের একটি পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। শীতের মরশুমে পশ্চিম হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই উত্থান-পতন স্বাভাবিক ঘটনা বলেই জানিয়েছেন তাঁরা। 
সম্পর্কিত সংবাদ