Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের আন্দোলনে উত্তপ্ত পুরুলিয়ার কলেজ, প্রতিবাদ মিছিলে যোগ স্থানীয় মহিলাদের

ফের আন্দোলনে উত্তপ্ত পুরুলিয়ার কলেজ, প্রতিবাদ মিছিলে যোগ স্থানীয় মহিলাদের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ফের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়ার লৌলাড়া রামানন্দ সেন্টিনারি কলেজ। এক অস্থায়ী কর্মীকে কেন্দ্র করে চলতি সপ্তাহের শুরুতে যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল, ফের তার পারদ চড়ল শুক্রবার। এবার ওই অস্থায়ী কর্মীকে সামনে রেখে আন্দোলনে নামলেন স্থানীয় মহিলারা। বিরোধীদের অবশ্য অভিযোগ, মহিলারা সামনে  থাকলেও পিছন থেকে সমগ্র আন্দোলনই পরিচালনা করেছেন কলেজের পরিচালন সমিতির সদস্য তথা জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। 
Advertisement
লৌলাড়া কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অধ্যাপক, অধ্যাপিকাদের অভিযোগ, বর্তমান পরিচালন সমিতির কয়েকজন কার্যকর্তার জন্য কলেজের সুনাম নষ্ট হচ্ছে। অভিযোগ, তাঁদের ছাত্রছায়ায় থেকে নিজেকে কলেজের ‘সর্বেসর্বা’ ভাবতে শুরু করেছেন এক অস্থায়ী মহিলা কর্মী। কলেজের অধ্যাপকদের উপর তিনি ছড়ি ঘোরাতে থাকেন। 
কলেজে পরীক্ষা চলাকালীন তিনি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে ঢুকে এক পরীক্ষার্থী নকল করছে সন্দেহে তাঁর খাতা পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। গত ২০ জানুয়ারি এনিয়ে এক শিক্ষকের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন ওই কর্মী। অধ্যাপক প্রতিবাদ করলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ। 
গত সোমবার অধ্যাপকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন ওই মহিলা কর্মী। অভিযোগ ভিত্তিহীন দাবি করে থানার ভিতরেই ধর্নায় বসেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপকরা। মহিলা কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ। পরের দিন মঙ্গলবার কলেজে আসেন পরিচালন কমিটির সভাপতি গুরুপদ টুডু ও সদস্য সুজয় বন্দ্যোপাধ্যায়। অধ্যাপকের ঘরে বৈঠক হয়। অধ্যাপকদের রোষের মুখে পড়েন সুজয়বাবু ও গুরুপদবাবু। তাঁদের অভিযোগ, ওই মহিলা কর্মীর মাথায় তাঁদের হাত আছে। কলেজের পড়ুয়ারাও অধ্যাপকদের পক্ষ নেন। ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ওইদিন রাত পর্যন্ত লালপুর-মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কলেজের অধ্যাপক ও পড়ুয়ারা। 
এরপর বুধবার ওই মহিলা কর্মীকে চিঠি দিয়ে অধ্যক্ষ জানিয়ে দেন, কলেজে তাঁর কোনও প্রয়োজন নেই। তাতে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে শুরু করে। ওই মহিলার সঙ্গে এক তৃণমূল নেতার একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাতে নেতার সম্মানহানি হয়েছে, এই অভিযোগ তুলে শুক্রবার কলেজ থেকে পুঞ্চার ব্লক মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা হাঁটেন। তাতে লেখা ছিল, ‘শিক্ষিত চক্রান্তকারীদের অশুভ জোট খতম কর’, ‘ফাঁকিবাজ প্রফেসর দূর হটো’। 
এনিয়ে সুজায়বাবু বলেন, ঘটনাটা কী তা আমরা জানতে গিয়েছিলাম। সমাধানের চেষ্টা করি। ঘুরিয়ে আমাদের বিরুদ্ধে কেউ কেউ উল্টোপাল্টা স্লোগান দিতে থাকেন। আমরা নাকি খারাপ ব্যবহার করেছি বলে অভিযোগ তোলে। এর পিছনে উস্কানি রয়েছে কয়েকজনের। কলেজের অধ্যক্ষ প্রতাপকুমার পন্ডা বলেন, ভিত্তিহীন অভিযোগ। আমাদের অধ্যাপকদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ