Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়পুর পঞ্চায়েতে জট কাটেনি, থমকে ৯০ লক্ষের উন্নয়নের কাজ

পাহাড়পুর পঞ্চায়েতে জট কাটেনি, থমকে ৯০ লক্ষের উন্নয়নের কাজ
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্মাণ সহায়ক নিয়ে জট না কাটায় প্রায় কোটি টাকার উন্নয়নের কাজ থমকে রয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতে। অভিযোগ, প্রশাসনের তরফে ওই পঞ্চায়েতকে নির্মাণ সহায়ক দেওয়া হলেও বাধার মুখে তিনি কাজে যোগ দিতে পারেননি। এদিকে, নির্মাণ সহায়ক না থাকায় টেন্ডার করেও প্রকল্পের ওয়ার্ক অর্ডার দিতে পারছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ। ফলে শুরু করা যাচ্ছে না রাস্তা, সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প, নিকাশিনালা সহ ৯০ লক্ষ টাকার কাজ। সময়ে ওই টাকা খরচ করতে না পারলে তা ফিরে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
Advertisement
নির্মাণ সহায়ক কাজে যোগ দিতে না দেওয়ার পিছনে পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের সাফাই, যাঁকে নির্মাণ সহায়ক হিসেবে দেওয়া হয়েছে, তাঁকে চাইছেন না এলাকার মানুষ। তাঁরা এব্যাপারে পঞ্চায়েতে স্মারকলিপি দিয়েছেন। ফলে সমস্যা তৈরি হয়েছে।
প্রধান এমনটা জানালেও পঞ্চায়েত সূত্রে খবর, কয়েকজন ঠিকাদারের চাপে ওই নির্মাণ সহায়ককে কাজে যোগ দিতে দিচ্ছে না খোদ পঞ্চায়েত কর্তৃপক্ষ। এর পিছনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতারও মদত রয়েছে বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, পাহাড়পুর পঞ্চায়েতকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ১৪ জানুয়ারির মধ্যে নির্মাণ সহায়ক কাজে যোগ দিতে না পারলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে আজ, সোমবার পঞ্চায়েত সদস্যদের বৈঠকে ডেকেছেন প্রধান।
এদিকে, পঞ্চায়েতে উন্নয়নের কাজ থমকে থাকা নিয়ে জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, আমরা নির্মাণ সহায়ক দিয়েছি। তাঁকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। বিষয়টি আমি জেলাশাসককে জানিয়েছি। পঞ্চায়েতের এই জট নিয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ অবশ্য বলেন, এটা পুরোপুরি প্রশাসনিক বিষয়। এর মধ্যে দল কোনওভাবেই হস্তক্ষেপ করবে না। পঞ্চায়েতের উপপ্রধান বেণুরঞ্জন সরকার বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা সহ বিভিন্ন খাতের টাকায় আমরা পুজোর পর ৯০ লক্ষ টাকার কাজের টেন্ডার করি। কিন্তু নির্মাণ সহায়ক না থাকায় তার ওয়ার্কঅর্ডার দেওয়া সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই থমকে গিয়েছে উন্নয়নের কাজ।
কেন নির্মাণ সহায়ক কাজে যোগ দিতে পারছেন না? প্রশ্নের উত্তরে উপপ্রধানের বক্তব্য, ব্যক্তিগতভাবে বলতে পারি, ওই নির্মাণ সহায়ক কাজে যোগ দিলে আমার কোনও আপত্তি নেই। বাকিটা বলতে পারব না।
সম্পর্কিত সংবাদ