নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফানুসের জেরে বিদ্যুৎ বিভ্রাট। বৃহস্পতিবার কালীপুজো রাতে শিলিগুড়ি শহরের দশরথপল্লি, আশ্রমপাড়া ও হায়দরপাড়ায় বিদ্যুৎ বিভ্রাট হয়। যার জেরে অনেক বাড়ির ফ্রিজ ও টিভি বিকল হয়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে, জ্বলন্ত ফানুস ওই এলাকাগুলির বিদ্যুতের তারের উপর পড়ে। যার জেরে কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এছাড়া বৃষ্টির জেরে শহর ও গ্রামের কিছু এলাকায় বিদ্যুতের লাইনে কিছু সমস্যা হয়। এতে কিছু এলাকা থেকে বিদ্যুৎ উধাও হয়ে যায়। সর্বত্রই ঘণ্টা খানেকের মধ্যে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। এজন্য ৩৩টি অতিরিক্ত টিম কাজ করেছে। তবে ফানুস উড়ানো বন্ধ হওয়া উচিত। এদিকে, কালীপুজোর মতো শুক্রবার প্রতিপদেও শিলিগুড়িতে অবাধে ফেটেছে নিষিদ্ধ শব্দবাজি। যার জেরে বাতাসে দূষণের মাত্রাও বাড়ে। এনিয়ে বিভিন্ন মহল রীতিমতো ক্ষুব্ধ।
Advertisement
পরিবেশ আন্দোলনকারী অনিমেষ বসু বলেন, কালীপুজোর রাতে শহরে বাতাসে দূষণের মাত্রা ছিল অসহনশীল। তা এদিন সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এই অবস্থায় কালীপুজোর রাতের তুলনায় এদিন শহরে আরও বেশি নিষিদ্ধ বাজি নির্ধারিত সময়ের আগে ও পরে ফেটেছে। পুলিস অবশ্য জানিয়েছে, শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বেশকিছু ফানুস ও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গেলামাল পাকানোর আশঙ্কায় পুজোর রাতে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



