Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ২০ হাজার টাকা খোয়ালেন বধূ  

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ২০ হাজার টাকা খোয়ালেন বধূ
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বধূর অজান্তে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় উধাও হয়ে গেল ২০ হাজার টাকা। এনিয়ে মঙ্গলবার মালদহ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন পুরাতন মালদহ ব্লকের মৌলপুর বাঁশহাট্টা গ্রামের সাবানা বিবি। আধিকারিকদের পরামর্শ মতো তিনি অনলাইনে অভিযোগ দায়ের করেছেন। বধূর অভিযোগ, গত ২ ডিসেম্বর লোন দেওয়ার জন্য বাড়িতে দুই ব্যক্তি আসেন। নিজেদের ভিজিটিং কার্ড গ্রামের কয়েকজনকে দেখান তাঁরা।  কথাবার্তা বলার পর বধূ লোন নেওয়ার জন্য রাজি হন। তখন অভিযুক্তরা মহিলার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে জানায়, কয়েকদিনের মধ্যে লোন পাশ হয়ে যাবে। এরপর ৬ ডিসেম্বর বধূ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি থেকে ১০ হাজার  তুলেছিলেন। কিন্তু ১৪  এবং ১৫ ডিসেম্বর তাঁর অ্যাকাউন্ট থেকে দু’দফায় ২০ হাজার টাকা তুলে নেওয়া হয়। বধূ বলেন, গ্রামের আরও কয়েকজন মহিলার সঙ্গে এমন ঘটনা হয়েছে। ওই ব্যক্তিদের খোঁজ পাচ্ছি না। একাধিকবার অন্যদের সঙ্গে লোনের টাকা লেনদেন করেছি। এমন ঘটনা এবারই প্রথম।  কীভাবে হল বুঝতে পারছি না। আমাদের এখন ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া দুই ব্যক্তির দিকে সন্দেহ হচ্ছে। টাকা তুলে নেওয়ার পর অভিযুক্ত দু’জন ফোন সুইচড অফ করে দেয়। ফলে তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বধূ। ওই সিএসপির এক কর্মী বলেন, মহিলা একবার টাকা তুলেছিলেন। এর বেশি কিছু আমরা জানি না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজার সুতপা সরকার বলেন, ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ জানাতে এসেছিলেন। চলতি মাসে কয়েকজনের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে। তাঁদের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করতে বলা হয়েছে। সাইবার থানার এক আধিকারিক জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ