সংবাদদাতা, রঘুনাথপুর: দ্রুত সঠিক তথ্য না দিলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। পরবর্তী সময়ে অসুবিধায় পড়তে হবে। তাই অ্যাকাউন্ট চালু রাখতে হলে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ও ওটিপি দিতে হবে। ফোনে এক ব্যক্তির কথায় বিশ্বাস করে সাঁতুড়ি থানা এলাকার এক মহিলা লক্ষাধিক টাকার প্রতারণা শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে প্রতারিত মহিলা শুক্রবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে সাঁতুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।অভিযোগকারী মহিলা জানিয়েছেন, রঘুনাথপুর শহরের একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। ৬ ফেব্রুয়ারি এক ব্যক্তি ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। ফোনে বলে, দ্রুত ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ও ওটিপি না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ফোনের ব্যক্তির কথায় বিশ্বাস করে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় দেখা যায় অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে ১ লক্ষ ২০২৭ টাকা কেটে নেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, তদন্ত করে দেখা গিয়েছে ওই মহিলার অ্যাকাউন্টের টাকা বেঙ্গালুরু, গুরগাঁও, নয়ডার মতো কয়েকটি জায়গার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



