নিজস্ব প্রতিনিধি, মালদহ: আমের ফলন কীভাবে বাড়ানো যায়, কীভাবে চাষ করলে গুণমান বৃদ্ধি হয়, সেই লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হল। রবিবার পুরাতন মালদহের সাহাপুরের একটি আম বাগানে হয় এই বিশেষ শিবির। মালদহের রিজিওনাল রিসার্চ স্টেশন, সেন্ট্রাল ইন্সটিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার এবং মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্স ও পুরাতন মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিবিরটি হয়। সেখানে মালদহের প্রায় পাঁচশো আমচাষি ও বিক্রেতা অংশ নেন। মালদহের রিজিওনাল রিসার্চ স্টেশনের ইনচার্জ দীপক লায়েক বলেন, আমের গুণমান বৃদ্ধি হলে মানুষ বেশি করে আম কিনবেন। এবং চাষিরা উপকৃত হবেন। মালদহে প্রায় ৩১ হাজার হেক্টর জমিতে আম উৎপাদন হয়। যেখানে প্রতি বছর গড়ে সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আমের ফলন হয়। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন, মালদহ আমের জন্য বিখ্যাত। কয়েক বছর ধরে আমরা দেখছি যে, আমের ফলন এবং স্বাদ কোনওটাই ভালো হচ্ছে না। ভালো মানের আম উৎপাদনের জন্য কী করা যায়, সেবিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসন এবং উদ্যানপালনের দপ্তরের কাছে আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি।



