Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় স্টেডিয়ামের দ্বারোদ্ঘাটন

ফালাকাটায় স্টেডিয়ামের দ্বারোদ্ঘাটন
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: মঙ্গলবার ফালাকাটা টাউন ক্লাবে মাঠে আউটডোর স্টেডিয়ামের দ্বারোদ্ঘাটন করা হয়। এজন্য উত্তরবঙ্গ উন্নয়নদপ্তর ৯ কোটি ৮৪ লক্ষ টাকা দিয়েছে। প্রায় পাঁচ বছর পর স্টেডিয়ামে কাজ সম্পূর্ণ হয়েছে সম্প্রতি। স্টেডিয়ামে দ্বারোদ্ঘটন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। স্টেডিয়ামের সামনে ফুটবলার গোষ্ঠ পালের মূর্তির আবরণ উন্মোচন করেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। টাউন ক্লাবের সম্পাদক নিতাই সেন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আউটডোর স্টেডিয়ামটি নতুনভাবে পথচলা শুরু করল। এখন থেকে এখানে নিয়মিত বিভিন্ন খেলার অনুশীলন হবে। 
Advertisement
অন্যদিকে, বক্সা পাহাড়ের প্রতিভাবান কিশোর ফুটবলার শেরিং ডুকপার দিকে যাতে ঠিকমতো নজর রাখা হয় সেব্যাপারে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলেন আইএফএ সভাপতি। একইভাবে শেরিংয়ের ফুটবল প্রতিভার বিকাশ ঘটাতে তাঁকে নিজে সাহায্য করার আশ্বাস দিলেন ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে প্রখ্যাত প্রাক্তন ভারতীয় ফুটবলার বিকাশ পাঁজি। 
মঙ্গলবার ফালাকাটায় টাউন ক্লাবের মাঠে জেলার প্রথম আউটডোর স্টেডিয়ামের উদ্বোধনে এসেছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। সেখানেই সংবাদমাধ্যমের কাছে শেরিংয়ের বিষয়টি জানতে পেরে আইএফএ সভাপতি বলেন, কলকাতায় ফিরে তিনি ইস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। শেরিংয়ের মতো প্রতিভাবান ফুটবলারকে যাতে ঠিকমতো লালনপালন করা হয় তা নিয়েও লাল-হলুদ কর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান আইএফএ সভাপতি। 
উল্লেখ্য, বক্সার পাহাড়ি গ্রাম চুনাভাটিতে বাড়ি ডুকপা জনজাতির ফুটবলার শেরিং ডুকপার। শেরিংকে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের অনূর্ধ্ব-১৭ দলে অন্তর্ভুক্ত করেছে। এদিকে, ডুকপাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৯তম ডুয়ার্স উৎসব কমিটি। ১২ জানুয়ারি শেষ হচ্ছে উৎসব। এরমধ্যেই শেরিংকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য, বীরপাড়া জুবিলি ক্লাবের ফুটবল প্রতিভা অন্বেষন প্রকল্পে ডাক পেয়েছিল শেরিং। তারপরেই কলকাতায় রাজ্যস্তরের ফুটবল খেলতে গিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তাদের নজরে পড়ে যায়।
সম্পর্কিত সংবাদ