Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় ফের নাবালিকা ধর্ষণ কুমারগ্রামে কিশোরীর যৌন নির্যাতন

ফালাকাটায় ফের নাবালিকা ধর্ষণ কুমারগ্রামে কিশোরীর যৌন নির্যাতন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালকাটা ও কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডে ফাঁকা বাড়িতে আট বছরের নাবালিকাকে সোমবার ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে অভিযুক্তকে ধরে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। অন্যদিকে, বছর সতেরোর নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
ফালাকাটার বালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো এদিনও তার দিদা কাজের জন্য বেরিয়ে যান। ওই সময় পাঁচ বছরের ভাই, তিন বছরের বোনকে নিয়ে ঘরে ছিল সে। ফাঁকা বাড়ি পেয়ে অভিযুক্ত ওই বাড়িতে ঢোকে। সুযোগ বুঝে সে নাবালিকার ভাই ও বোনকে মোবাইলে কার্টুন দেখতে দেয়। পরে নাবালিকার হাতে কিছু টাকা দিয়ে তাকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে বলে অভিযোগ। 
পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম দেব বলেন, বালিকাকে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পুলিসকে জানিয়েছি। 
পুলিস জানিয়েছে, এই ঘটনায় রশিদ ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি ১১ নম্বর ওয়ার্ডের মিলরোডে। জয়গাঁর অতিরিক্ত পুলিস সুপার মানবেন্দ্র দাস বলেন, কোচবিহার রাসমেলায় ডিউটিতে আছি। কী হয়েছে সংশ্লিষ্ট থানার থেকে খোঁজ নিচ্ছি। 
এদিকে, কামাখ্যাগুড়ির ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও কাউকে পুলিস গ্রেপ্তার করতে পারেনি। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নাবালিকার বাড়ি পারোকাটা গ্রাম পঞ্চায়েতে। যৌন নির্যাতনের ঘটনাটি ঘটেছে কামাখ্যাগুড়ি-১ পঞ্চায়েতের দক্ষিণ নারারথলি গ্রামে। মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। পরে বাড়ি ফেরে। অভিযোগ, নাবালিকাকে জোর করে একটি বাগানে নিয়ে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে অজ্ঞাতপরিচয় এক যুবক। এমনকী বাধা দিলে মারধর করে। পরিবারটি অভিযোগপত্রে জানিয়েছে, ওই যুবক মেয়ের গোপনাঙ্গে বাইকের চাবি দিয়ে আঘাত করেছে। রবিবারই পুলিস কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নাবালিকাকে। তার শারিরীক অবস্থা খারাপ থাকায় পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
সোমবার কমাখ্যাগুড়িতে আসেন আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এম পি। তিনি যৌন নির্যাতনের ঘটনার খোঁজখবর নেন এবং ঘটনার তদন্ত করেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনায় জড়িত থাকায় তদন্তে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিসকে। 
সম্প্রতি কুমারগ্রাম, জয়গাঁ, ফালাকাটা এলাকায় নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি উঠেছে। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওরাওঁ বলেন, মাস খানেকের মধ্যে জেলায় চার-পাঁচটি ঘটনা ঘটল। অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিস।
সম্পর্কিত সংবাদ