Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়ি সীমান্ত ও তিনবিঘা করিডর পরিদর্শন করলেন বিএসএফের ডিজি

ফুলবাড়ি সীমান্ত ও তিনবিঘা করিডর পরিদর্শন করলেন বিএসএফের ডিজি
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, মেখলিগঞ্জ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র পর বুধবার শিলিগুড়িতে এলেন বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। শিলিগুড়ি ‘চিকেন নেক’ নিয়ে দিল্লি যে কোনওরকম গাছাড়া মনোভাব দেখাচ্ছে না, শা’র সফরের একসপ্তাহ না ঘুরতেই ডিজি আসায় সেটা প্রমাণিত। 
Advertisement
এদিন শিলিগুড়ির উপকণ্ঠে ভারত-বাংলাদেশ ফুলবাড়ি সীমান্ত পরিদর্শন করেন বিএসএফের ডিজি। পড়শি দেশের অস্থিরতা নিয়ে ‘উদ্বিগ্ন’ ভারত। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমানা রয়েছে। যা উত্তরবঙ্গে অনেকটাই। আবার কিছু এলাকায় কাঁটাতার না থাকায় উন্মুক্ত। এই সুযোগে অনুপ্রবেশ যাতে না হয়, সেদিকে নজর রাখছে বিএসএফ। চিকেন নেক শিলিগুড়ি সহ এই অঞ্চলের বাংলাদেশ সীমানাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী। 
বাংলাদেশে বর্তমানে অশান্তির বাতাবরণ। তার জেরে ওপার বাংলা থেকে এপার বাংলায় সেদেশের আক্রান্ত হিন্দুরা আসতে চাইছেন। পাশাপাশি নাশকতার ছক কষে জঙ্গিরাও এদেশে ঢোকার চেষ্টায় রয়েছে। ইতিমধ্যেই কয়েকজন দুষ্কৃতী ধরাও পড়েছে এপারে। এই আবহে বাংলায় জঙ্গি কার্যকলাপের আশঙ্কা বাড়ছে। এদিন দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্তে রিট্রিট করেন। সেখানে দুই দেশের সাধারণ মানুষও উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষে ভারত ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী একে অপরকে স্মারক প্রদান করে। 
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএফের ডিজি বলেন, উত্তরবঙ্গের সীমান্ত এলাকা ঘুরে দেখেছি। অন্যান্য সীমান্তেও যাব। আমাদের জওয়ানরা রাত-দিন নিজেদের দায়িত্ব পালন করছেন। 
এদিন কোচবিহার জেলার তিনবিঘাতেও যান বিএসএফের ডিজি। তাঁর সঙ্গে উত্তরবঙ্গের আইজি সূর্যকান্ত শর্মা সহ অন্যান্য বিএসএফ কর্তারা উপস্থিত ছিলেন। ডিজি তিনবিঘা করিডর ঘুরে সেখানকার নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন। কথা বলেন স্থানীয় বিএসএফের কর্তাদের সঙ্গেও।
সম্পর্কিত সংবাদ