Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়ি-১, ২ পঞ্চায়েতে শুরু নিকাশি নালার কাজ

ফুলবাড়ি-১, ২ পঞ্চায়েতে শুরু নিকাশি নালার কাজ
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে নিকাশি নালা পেল ফুলবাড়ির অধিকারপল্লি ও চতুরাগছ সিপাহিপাড়া। বুধবার ফুলবাড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের এই দু’টি জায়গায় নিকাশি নালার কাজের শিলান্যাস করেন এলাকার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মণীষা রায়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল নিকাশি নালার। বর্ষা হলেই চারদিকে জল জমে যায়। বসতি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ঘরে জল ঢুকে যায়। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় সেই জল নামতে অনেকদিন লেগে যেত। অবশেষে নিকাশি নালা হওয়ায় খুশি বাসিন্দারা। 
Advertisement
মণীষা রায় বলেন, এবার বর্ষায় জল জমার সমস্যা থেকে এই দুই এলাকার বাসিন্দারা রেহাই পাবেন। গ্রে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জলপাইগুড়ি জেলা পরিষদ এই কাজ করবে। এলাকার সমস্ত জল এই নিকাশি নালা দিয়ে জোড়াপানি নদীতে গিয়ে পড়বে। তবে নিকাশি নালার জল সরাসরি নদীতে পড়ার আগে পরিশোধন করা হবে। দু’টি নিকাশি নালার মুখেই জল পরিশোধনের মেশিন বসানো হবে। আবর্জনা নিয়ে আসা জল সেই মেশিনে পরিশোধন হয়ে নদীতে পড়বে। তবে সেই জল খাওয়া যাবে না। সব্জি, জামা-কাপড় ধোয়া, স্নান করা যাবে এই জলে। এই প্রকল্প দু’টিতে যথাক্রমে ৮৮ ও ৮৯ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে। 
তিনি আরও বলেন, নিচু এলাকায় যেভাবে দীর্ঘদিন ধরে বসতি গড়ে উঠেছে, তাতে নিকাশি ব্যবস্থা করাটা কঠিন। নিচু এলাকা হওয়ায় জল ঠিকমতো বের হওয়ার রাস্তা নেই। নদীর গা ঘেঁষে বহু পুরনো বসতি এখানে রয়েছে। তাই অনেক জায়গায় নিকাশি নালা করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। অন্যান্য এলাকাতেও একই সমস্যা রয়েছে। আমরা ধীরে ধীরে এখানকার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিয়েছি।
সম্পর্কিত সংবাদ